


রাজশাহীতে মদপান করে অসুস্থ হয়ে জাহিদ হাসান অলি (২০) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) সকাল ৮টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
অলি রাজশাহী নিউ সরকারি ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি মহানগরীর বোয়ালিয়া থানার বেতপট্টির একটি বাসায় বন্ধুদের সঙ্গে থাকতেন। তার বাড়ি তানোর উপজেলার বাতাসপুর গ্রামে।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, অলি নিয়মিত মদপান করতেন না। শখের বসে দুই দিন আগে বন্ধুদের সঙ্গে মদ পান করার পর থেকেই অসুস্থ হয়ে পড়েন। তবে পরিবারের কাছে বিষয়টি গোপন রাখতে হাসপাতালে ভর্তি হননি।
পরে বুধবার ভোরে শারীরিক অবস্থার অবনতি হলে বন্ধুরা তাকে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চিকিৎসকের দেওয়া মৃত্যুসনদে অ্যালকোহলজনিত বিষক্রিয়ার কথা উল্লেখ রয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি এবং ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ডিপি/ আবদুল্লাহ