Date: April 17, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / আন্তর্জাতিক / তুরস্কে বাবার অস্ত্র নিয়ে স্কুলে এলোপাতাড়ি গুলি, নিহত ৯ জন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

তুরস্কে বাবার অস্ত্র নিয়ে স্কুলে এলোপাতাড়ি গুলি, নিহত ৯ জন

April 16, 2026 12:11:24 PM   আন্তর্জাতিক ডেস্ক
তুরস্কে বাবার অস্ত্র নিয়ে স্কুলে এলোপাতাড়ি গুলি, নিহত ৯ জন

তুরস্কের দক্ষিণাঞ্চলে একটি মাধ্যমিক বিদ্যালয়ে ভয়াবহ বন্দুক হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন এবং আরও ১৩ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে শিক্ষার্থী ও শিক্ষক উভয়ই রয়েছেন। ধারণা করা হচ্ছে, ১৪ বছর বয়সী এক শিক্ষার্থী তার বাবার অস্ত্র ব্যবহার করে এ হামলা চালায়। ঘটনাটি দেশজুড়ে গভীর শোক ও চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

বুধবার (১৫ এপ্রিল) কাহরামানমারাস এলাকার আইসের চালিক মাধ্যমিক বিদ্যালয়ে এই নৃশংস হামলার ঘটনা ঘটে। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, হামলায় নিহতদের মধ্যে ৮ জন শিক্ষার্থী এবং একজন শিক্ষক রয়েছেন। আহতদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।

তুর্কি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, হামলাকারী ১৪ বছর বয়সী এক শিক্ষার্থী, যিনি ঘটনাস্থলেই নিহত হন। তিনি বিদ্যালয়ে প্রবেশের সময় দুটি পিস্তলসহ মোট পাঁচটি আগ্নেয়াস্ত্র ও সাতটি ম্যাগাজিন নিয়ে আসেন। পরে তিনি দুটি পৃথক শ্রেণিকক্ষে ঢুকে এলোপাতাড়ি গুলি চালান, এতে পুরো বিদ্যালয় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় প্রশাসনের বরাতে জানা যায়, হামলায় ব্যবহৃত অস্ত্রগুলো ছিল ওই কিশোরের বাবার, যিনি একজন সাবেক পুলিশ কর্মকর্তা। ঘটনার পর তার বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এ ঘটনার মাত্র একদিন আগেই তুরস্কের দক্ষিণাঞ্চলের আরেকটি উচ্চ বিদ্যালয়ে পৃথক গুলিবর্ষণের ঘটনা ঘটে, যেখানে ১৬ জন আহত হন এবং হামলাকারী পরে আত্মহত্যা করে। ধারাবাহিক এ ধরনের ঘটনায় দেশটির শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় তিনি বলেন, “আমাদের সন্তান, পরিবার ও শিক্ষকদের ওপর এই আঘাত অত্যন্ত বেদনাদায়ক। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”

এই ভয়াবহ ঘটনায় তুরস্কজুড়ে শোকের ছায়া নেমে এসেছে এবং স্কুল নিরাপত্তা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।