


তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার মহব্বতপুর গ্রামে এক গরিব বাউল শিল্পীর ঘরে সিঁদ কেটে চুরির ঘটনা ঘটেছে। ভুক্তভোগী নজরুল বাউলের ঘর থেকে দুটি মোবাইল ফোন এবং তার তিলে তিলে জমানো নগদ অর্থ নিয়ে গেছে চোরের দল।
গান গেয়েই যার সংসার চলে, সেই নজরুল বাউল এই চুরির ঘটনায় এখন দিশেহারা ও মারাত্মক আর্থিক সংকটে পড়েছেন।
জানা যায়, রাতের কোনো এক সময় চোরেরা ঘরের মেঝের মাটি খুঁড়ে ভেতরে প্রবেশ করে এবং মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়।
খবর পেয়ে স্থানীয় পল্লী চিকিৎসক ওমর ফারুক, জলিল মিয়াসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থলে ছুটে আসেন। তারা বলেন, "এই ধরনের ঘটনা গ্রামের নিরাপত্তার জন্য একটি বড় হুমকি। প্রশাসনের উচিত দ্রুত তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনা।"
ভুক্তভোগী নজরুল বাউল কান্নাজড়িত কণ্ঠে বলেন, "আমার মতো গরিব শিল্পীর ঘরে যেন এমন ঘটনা আর না ঘটে। সবারই উচিত প্রতিবেশীর খোঁজখবর রাখা এবং সচেতন থাকা। আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি, তারা যেন গ্রামে রাতের টহল বৃদ্ধি করে।"
এই ঘটনার পর থেকে পুরো এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। গ্রামের নিরাপত্তা জোরদার করতে এবং অপরাধীদের অবিলম্বে গ্রেপ্তারের জন্য এলাকাবাসী প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।