


ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সিগঞ্জের শ্রীনগর এলাকায় ভোররাত ও সকালে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় একজন পথচারী নিহত এবং পাঁচজন সড়ক শ্রমিক আহত হয়েছেন। ব্যস্ত এই মহাসড়কে একের পর এক দুর্ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) ভোররাত ৩টার দিকে শ্রীনগর ফেরিঘাট এলাকায় মাওয়ামুখী লেনে প্রথম দুর্ঘটনাটি ঘটে। এ সময় এক পথচারী রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি।
খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। পরে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাটির তদন্ত শুরু করে।
অন্যদিকে একই দিন সকাল ৭টার দিকে শ্রীনগর রেলওয়ে ওভারব্রিজ সংলগ্ন সার্ভিস রোডে দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে। সড়ক মেরামত কাজে নিয়োজিত শ্রমিক ও মালামাল বহনকারী একটি পিকআপের চাকা হঠাৎ বিস্ফোরিত হলে চালক নিয়ন্ত্রণ হারান। এতে গাড়িটি উল্টে গিয়ে ভেতরে থাকা পাঁচজন শ্রমিক আহত হন।
আহত শ্রমিকরা হলেন—আনিচুর রহমান (৪২), রবি মণ্ডল (৪৪), ধনঞ্জয় মণ্ডল (৪৭), অভি (২২) ও শফিক (৪০)। তারা সবাই মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের হাজীগাঁও এলাকার বাসিন্দা।
ফায়ার সার্ভিস জানায়, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তারা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, দুটি পৃথক ঘটনায় দ্রুত উদ্ধার কার্যক্রম সম্পন্ন করা হয়েছে এবং মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এছাড়া মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, উভয় ঘটনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।