


চট্টগ্রামের মিরসরাই উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওয়্যারলেস এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মাওলানা আমিরুল ইসলাম ফারুকী (৪৫) নামে এক হাফেজ নিহত হয়েছেন। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমিরুল ইসলাম উপজেলার মিঠানালা ইউনিয়নের রহমতাবাদ এলাকার বাসিন্দা এবং স্থানীয় একটি হাফেজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক ছিলেন।
হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, জুমার নামাজ শেষে বারইয়ারহাট মেহেদীনগর এলাকা থেকে মোটরসাইকেলে করে মিরসরাই যাচ্ছিলেন তিনি। পথিমধ্যে ওয়্যারলেস এলাকায় পৌঁছালে একটি অজ্ঞাত গাড়ি তাকে ধাক্কা দিলে তিনি সড়কে পড়ে যান এবং ঘটনাস্থলেই মারা যান।
মিরসরাই ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানা -র ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শরিফুজ্জামান বলেন, অজ্ঞাত গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
শনিবার সকাল ১০টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানিয়েছে পরিবার।