Date: April 20, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / রাজনীতি / জনগণের দাবিতেই সরকার তেলের দাম বাড়িয়েছে: রিজভী - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

জনগণের দাবিতেই সরকার তেলের দাম বাড়িয়েছে: রিজভী

April 20, 2026 06:59:50 PM   দেশেরপত্র ডেস্ক
জনগণের দাবিতেই সরকার তেলের দাম বাড়িয়েছে: রিজভী

পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা এবং জনগণের চাহিদার কথা বিবেচনা করেই দেশে জ্বালানি তেলের দাম কিছুটা বৃদ্ধি করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাবেক নেতা ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, আন্তর্জাতিক বাজারের অস্থিরতা, হরমুজ প্রণালিতে চলমান উত্তেজনা এবং পার্শ্ববর্তী দেশগুলোতে জ্বালানি তেলের উচ্চমূল্যের প্রভাব বিবেচনায় এনে সরকার এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। তার ভাষায়, পরিস্থিতির চাপেই এমন সিদ্ধান্ত এসেছে এবং সরকার চায়নি জ্বালানির দাম বাড়াতে।

তিনি আরও বলেন, জনগণের স্বার্থ ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়টি মাথায় রেখেই সরকার দাম নিয়ন্ত্রণে রাখার সর্বোচ্চ চেষ্টা করেছে।

অনুষ্ঠানে বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার বিষয়টি তুলে ধরে রিজভী বলেন, গুমের সঙ্গে জড়িত অনেকেই এখনও আইনের আওতার বাইরে রয়েছেন। তিনি প্রশ্ন তুলে বলেন, তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে নিখোঁজদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।

এ সময় তিনি অন্তর্বর্তী সরকারের প্রস্তাবিত ‘গুম অধ্যাদেশ’ নিয়েও সমালোচনা করেন। রিজভী বলেন, এই অধ্যাদেশে কিছু ফাঁকফোকর রয়েছে, যা সংশোধন করে আরও শক্তিশালী ও কার্যকর আইন করা উচিত। তার মতে, এমন আইন প্রণয়ন করতে হবে যা মানবাধিকারের পক্ষে থাকবে এবং ভবিষ্যতে গুমের মতো ঘটনা প্রতিরোধ করবে।