Date: April 21, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / জিএমপিতে দালালের দিন শেষ, ঘোষণা কমিশনারের - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

জিএমপিতে দালালের দিন শেষ, ঘোষণা কমিশনারের

January 06, 2026 11:19:35 PM   জেলা প্রতিনিধি
জিএমপিতে দালালের দিন শেষ, ঘোষণা কমিশনারের

গাজীপুর সংবাদদাতা:
গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার মো. ইসরাইল হাওলাদার বলেছেন, জিএমপিতে দালালদের দিন শেষ। এখন থেকে পুলিশের সেবা পেতে কোনো দালাল বা সোর্সের প্রয়োজন নেই। নাগরিকরা যাতে অপরাধ ও অপরাধীদের তথ্য দ্রুত পুলিশকে জানাতে পারেন, সেজন্য মহানগরীর বিভিন্ন স্থানে পুলিশের নম্বরযুক্ত স্টিকার লাগিয়ে দেওয়া হয়েছে। এসব নম্বরে যোগাযোগ করলেই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে গাজীপুর মহানগরীর বাসন মেট্রো থানার চান্দনা চৌরাস্তা মসজিদ মার্কেটের সামনে আয়োজিত এক সচেতনতামূলক পথসভায় তিনি এসব কথা বলেন।

পুলিশ কমিশনার বলেন, আজকের এই পথসভার মূল উদ্দেশ্য হলো এলাকার অপরাধ নিয়ন্ত্রণ ও দমন করা। মহানগরের বিভিন্ন স্থানে এমন সচেতনতামূলক সভা অব্যাহত থাকবে। সেবা পেতে নাগরিকরা যেমন আমাদের কাছে আসেন, এখন থেকে আমরাই নাগরিকদের কাছে চলে যাব। আমরা তাদের পথ দেখাব।

অপরাধ দমনে দলমত নির্বিশেষে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, কোথাও ছিনতাই, দস্যুতা, ডাকাতি, প্রাইভেটকারে অপহরণ, মোটরসাইকেল চুরি, অস্ত্রবাজি, সন্ত্রাস, চাঁদাবাজি, সড়ক দুর্ঘটনা, যাত্রী হয়রানি, ওষুধ ও খাদ্যে ভেজাল, হানি ট্র্যাপ, চোরাচালান, মাদক, খুন, অস্বাভাবিক মৃত্যু, কিশোর গ্যাং, ইভটিজিং বা অন্য যেকোনো অপরাধ সংঘটিত হলে থানায় যাওয়ার প্রয়োজন নেই। স্টিকারে দেওয়া মোবাইল নম্বরে জানালেই পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নেবে।

নাগরিকদের সহায়তার জন্য পুলিশ কমিশনার সংশ্লিষ্ট কর্মকর্তাদের মোবাইল নম্বরগুলো প্রকাশ করেন। নম্বরগুলো হলো- উপ-পুলিশ কমিশনার অপরাধ (উত্তর) বিভাগ ০১৩২০০৭০৫০০, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার অপরাধ (উত্তর) বিভাগ ০১৩২০০৭০৫০১, সহকারী পুলিশ কমিশনার (সদর জোন) ০১৩২০০৭০৫১২, সহকারী পুলিশ কমিশনার (কোনাবাড়ী জোন) ০১৩২০০৭০৫১৮, অফিসার ইনচার্জ (ওসি) সদর থানা ০১৩২০০৭০৫২৪, অফিসার ইনচার্জ (ওসি) বাসন থানা ০১৩২০০৭০৫৫৩, অফিসার ইনচার্জ (ওসি) কোনাবাড়ী থানা ০১৩২০০৭০৫৮২ এবং অফিসার ইনচার্জ (ওসি) কাশিমপুর থানা ০১৩২০০৭০৬১১।

পথসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মো. তাহেরুল হক চৌহান, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম-উত্তর) এস এম শফিকুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এস এম আশরাফুল আলম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) মো. রবিউল ইসলাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) অমৃত সূত্রধর ও সহকারী পুলিশ কমিশনার চৌধুরী মোহাম্মদ তানভীর প্রমুখ।