


চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা ২১ এপ্রিল থেকে শুরু হবে।
ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এসএম কামাল উদ্দিন হায়দারের স্বাক্ষরিত নতুন সূচি বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) প্রকাশ করা হয়েছে। প্রকাশিত সূচি অনুযায়ী, চলতি বছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) এবং সমমানের পরীক্ষা ২১ এপ্রিল থেকে শুরু হয়ে ২০ মে শেষ হবে। প্রতিদিন পরীক্ষা শুরু হবে সকাল ১০টায়। ব্যবহারিক পরীক্ষা ৭ জুন থেকে ১৪ জুনের মধ্যে সম্পন্ন করতে হবে।
প্রতিবছরের তুলনায় এ বছর পরীক্ষা শুরু ও শেষ হওয়ার সময়সূচিতে কিছু পরিবর্তন এসেছে। পরীক্ষার্থীদের জন্য বিভিন্ন নির্দেশনা জারি করা হয়েছে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কক্ষে উপস্থিত থাকা বাধ্যতামূলক। বহুনির্বাচনি পরীক্ষা প্রথমে অনুষ্ঠিত হবে, এরপর সৃজনশীল/রচনামূলক পরীক্ষা হবে এবং উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। প্রবেশপত্র পরীক্ষা শুরুর কমপক্ষে তিনদিন আগে প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে সংগ্রহ করতে হবে।
শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান, খেলাধুলা এবং ক্যারিয়ার শিক্ষা বিষয়গুলোর নম্বর ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে সংশ্লিষ্ট কেন্দ্রকে পাঠাতে হবে। ব্যবহারিক পরীক্ষার সঙ্গে ধারাবাহিক মূল্যায়নের নম্বরও অনলাইনে বোর্ডের ওয়েবসাইটে পাঠাতে হবে। উত্তরপত্রে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোড যথাযথভাবে পূরণ করা বাধ্যতামূলক এবং কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না।
প্রতিটি পরীক্ষার্থীকে সৃজনশীল/রচনামূলক, বহুনির্বাচনি এবং ব্যবহারিক পরীক্ষায় পৃথকভাবে পাস করতে হবে। শুধুমাত্র নিবন্ধনকৃত বিষয়সমূহের পরীক্ষায় অংশ নেওয়া যাবে। প্রবেশপত্র বিতরণ নিশ্চিত করতে হবে পরীক্ষা শুরুর সাত দিন আগে। ক্যালকুলেটর ব্যবহার অনুমোদিত হলেও কেন্দ্র সচিব ছাড়া কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না। ব্যবহারিক পরীক্ষা স্ব স্ব কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
পরীক্ষার ফলাফল প্রকাশের সাত দিনের মধ্যে পুনঃনিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করা যাবে। আবেদন প্রক্রিয়া, তারিখ ও সময় বোর্ডের ওয়েবসাইট এবং দৈনিক পত্রিকার বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।