Date: April 19, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / গাজীপুরে সরকারি বালু চুরির অভিযোগে কৃষি কর্মকর্তাসহ ৪ জনের নামে মামলা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

গাজীপুরে সরকারি বালু চুরির অভিযোগে কৃষি কর্মকর্তাসহ ৪ জনের নামে মামলা

July 21, 2025 06:51:47 PM   অনলাইন ডেস্ক
গাজীপুরে সরকারি বালু চুরির অভিযোগে কৃষি কর্মকর্তাসহ ৪ জনের নামে মামলা

গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের কাপাসিয়া উপজেলার চরসনমানিয়া এলাকায় নদী খননের সরকারি বালু চুরির অভিযোগে কৃষি উপ-সহকারী কর্মকর্তা তৌহিদুল ইসলামসহ তার বাবা ও বড় ভাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

গত ২৬ জুন সনমানিয়া ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মোহাম্মদ খবীর উদ্দিন মোল্যা বাদী হয়ে কাপাসিয়া থানায় এ মামলা করেন। মামলায় আসামি করা হয়েছে তৌহিদুল ইসলাম (৩৫), তার বাবা সাবেক সনমানিয়া ইউনিয়ন চেয়ারম্যান শাহাদাত হোসেন (৬৫), বড় ভাই জাহিদুল ইসলাম জাহিদ (৩৮), একই গ্রামের সোহরাব (৪৫) এবং জাকির (৪৮)-কে।

মামলার এজাহারে বলা হয়েছে, ১৯ জুন দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ব্রহ্মপুত্র নদী খননের সরকারি বালু চুরি করে অন্যত্র বিক্রি হচ্ছে এমন খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) মোবাইল কোর্ট পরিচালনা করেন। উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে গেলেও ঘটনাস্থলে বালু কাটার স্পষ্ট আলামত পাওয়া যায়। অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, আসামিরা এক লাখ ঘনফুট সরকারি বালু চুরি করে বিক্রি করেছেন, যার বাজারমূল্য আনুমানিক ২০ লাখ টাকা।

অভিযোগ সম্পর্কে তৌহিদুল ইসলাম বলেন, “বালু বিক্রির বিষয়ে আমি কিছু জানি না। যখন বালু আনা হয় তখন একটি চুক্তিপত্রের মাধ্যমে আনা হয়েছিল।”

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক রফিকুল ইসলাম খান বলেন, “কাপাসিয়া থানায় তৌহিদুল ইসলামের বিরুদ্ধে মামলা হয়েছে বলে শুনেছি। অভিযোগ প্রমাণিত হলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।”

কাপাসিয়া থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল জানান, “সরকারি বালু চুরির ঘটনায় মামলা হয়েছে। আসামি গ্রেপ্তার ও বালু উদ্ধারে অভিযান চলছে।”