Date: April 21, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে আজ ঢাকায় আসছেন বিভিন্ন দেশের মন্ত্রী - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে আজ ঢাকায় আসছেন বিভিন্ন দেশের মন্ত্রী

December 31, 2025 09:20:26 AM   দেশেরপত্র ডেস্ক
খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে আজ ঢাকায় আসছেন বিভিন্ন দেশের মন্ত্রী

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে আজ ঢাকায় আসছেন বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের কূটনৈতিক প্রতিনিধি। বুধবার (৩১ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে খালেদা জিয়ার জানাজা, যেখানে অংশগ্রহণ করবেন দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার একাধিক দেশের মন্ত্রী, বিশেষ দূত ও প্রতিনিধিরা।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, এ অনুষ্ঠানে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, পাকিস্তান পার্লামেন্টের স্পিকার সরদার আইয়াজ সাদিক, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ডি এন ধুংগিয়েল, মালদ্বীপের প্রেসিডেন্টের বিশেষ দূত ও উচ্চশিক্ষামন্ত্রী আলী হায়দার আহমেদ, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা এবং শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ভিজিতা হেরাথ উপস্থিত থাকবেন। এ ছাড়াও আরও কয়েকটি দেশের প্রতিনিধি খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে এবং জানাজায় অংশ নিতে ঢাকায় আসার কথা রয়েছে।
এর আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছে, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানাজায় অংশ নেবেন। পাকিস্তান হাইকমিশনের এক সূত্র জানিয়েছে, ইসহাক দার সরাসরি জানাজায় যোগ দেবেন। কূটনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, এই উচ্চপর্যায়ের উপস্থিতি খালেদা জিয়ার রাজনৈতিক অবস্থান ও দীর্ঘদিনের রাষ্ট্রীয় ভূমিকার আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে গুরুত্বপূর্ণ। তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন খালেদা জিয়া এবং বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী হিসেবে দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় প্রতিনিধিত্ব করেন তিনি।
জানাজার জন্য রাজধানীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, দেশি-বিদেশি অতিথিদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। পাশাপাশি, বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোও জানাজা এবং সংশ্লিষ্ট আনুষ্ঠানিকতায় ব্যাপক জনসমাগমের প্রস্তুতি সম্পন্ন করেছে। বিশ্লেষকরা বলছেন, খালেদা জিয়ার জানাজাকে কেন্দ্র করে রাজনৈতিক মতভেদ ছাপিয়ে দেশে শোক ও শ্রদ্ধার আবহ তৈরি হয়েছে।