


কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের অকাল মৃত্যুতে দেশের শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৫ মে) রাতে তিনি মারা যান। তার মৃত্যুতে সহকর্মী, নির্মাতা ও অনুরাগীরা সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর শোক প্রকাশ করছেন। এরই মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কন্যা ড. শামারুহ মির্জা ফেসবুকে দেওয়া একটি আবেগঘন পোস্টের কারণে আলোচনায় এসেছেন।
কারিনার মৃত্যুতে শোক জানিয়ে শামারুহ মির্জা তার ফেসবুক স্ট্যাটাসে স্মৃতিচারণ করেন এবং প্রয়াত এই কনটেন্ট ক্রিয়েটরের প্রতি শ্রদ্ধা জানান। তার পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং অনেকেই এটি শেয়ার করছেন।
শামারুহ মির্জা তার পোস্টে কারিনার ব্যক্তিত্ব ও কাজের প্রশংসা করে লেখেন, তিনি খুব অল্প বয়সেই কনটেন্ট তৈরি ও কমেডি-ভিত্তিক ভিডিওর মাধ্যমে মানুষের মনে জায়গা করে নিয়েছিলেন। তার রিলস ও সৃজনশীল কাজ তাকে মুগ্ধ করেছিল বলেও উল্লেখ করেন তিনি।
পোস্টে তিনি আরও লেখেন, কারিনা ছিলেন একজন সুন্দর ও অসাধারণ মানুষ, যিনি বহু মানুষের মুখে হাসি ফোটিয়েছেন এবং এমন একটি প্রভাব রেখে গেছেন যা হয়তো তিনি নিজেও পুরোপুরি বুঝতে পারেননি। তিনি প্রয়াত আত্মার শান্তি কামনা করে দোয়া করেন এবং শোকাহত পরিবারের প্রতি ধৈর্য কামনা করেন।
ধর্মীয় অনুভূতি প্রকাশ করে শামারুহ মির্জা কুরআনের একটি আয়াত উদ্ধৃত করেন—“নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয়ই আমরা তাঁরই দিকে ফিরে যাব।”
তবে তার পোস্টের শেষ অংশে কিছু কড়া মন্তব্যও দেখা যায়, যেখানে তিনি সতর্ক করে বলেন, কেউ অশোভন বা নোংরা মন্তব্য করলে সেগুলোর স্ক্রিনশট সংরক্ষণ করা হবে।
এদিকে কারিনার শারীরিক অবস্থার শেষ মুহূর্ত সম্পর্কে তার বাবা কায়সার হামিদ জানান, চিকিৎসার সময় হঠাৎ করে তার রক্তচাপ দ্রুত নেমে যায়। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করলেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।
লিভারজনিত জটিলতায় দীর্ঘদিন অসুস্থ থাকার পর প্রথমে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন কারিনা। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ভারতের চেন্নাইয়ের ভেলোর ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, যেখানে শেষ পর্যন্ত তিনি মৃত্যুবরণ করেন।