


নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা:
কুমিল্লার নাঙ্গলকোটে ‘দৈনিক দেশেরপত্র’ নামে একটি জাতীয় পত্রিকাকে ‘খ্রিস্টানদের পত্রিকা’ আখ্যা দিয়ে বিক্রয় প্রতিনিধিদের ওপর হামলা ও এক নারী কর্মীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে উগ্রবাদী গোষ্ঠীর বিরুদ্ধে। পত্রিকাটি কিনলে ‘ঈমান নষ্ট হয়ে যাবে’ এমন ফতোয়া দিয়ে এই হামলা চালানো হয় বলে জানা গেছে।
মঙ্গলবার (১০ জুন ২০২৫) সকাল আনুমানিক পৌনে ১১টায় নাঙ্গলকোট বাজারের সোনালী ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় পত্রিকাটির কুমিল্লা জেলা প্রতিনিধি রাহাত চৌধুরী বাদী হয়ে মাওলানা নেছার উদ্দিন আহাম্মেদসহ অজ্ঞাতনামা ৩-৪ জনের বিরুদ্ধে নাঙ্গলকোট মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দৈনিক দেশেরপত্র পত্রিকার দুই বিক্রয় প্রতিনিধি কাজী মেহেদী ও রেহানা রহমান নাঙ্গলকোট বাজারে পত্রিকা বিক্রি করছিলেন। এসময় এক মুদি দোকানদার পত্রিকা কেনার জন্য তাদের ডাকলে তারা সেখানে যান। তখন অভিযুক্ত মাওলানা নেছার উদ্দিন ওই দোকানদারকে বলেন, “এই পত্রিকা খ্রিস্টানদের, এটি কিনলে ঈমান নষ্ট হয়ে যাবে।” এ সময় দোকানদার এই কথায় কান না দিয়ে পত্রিকাটি ক্রয় করলে মাওলানা নেছার ক্ষিপ্ত হয়ে বিক্রয় প্রতিনিধিদের অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করেন। প্রতিনিধিরা এর প্রতিবাদ করলে অভিযুক্ত মাওলানা নারী প্রতিনিধি রেহানা রহমানের গায়ে হাত দিয়ে শ্লীলতাহানির চেষ্টা করেন এবং তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এসময় সহকর্মী কাজী মেহেদী তাকে রক্ষা করতে এগিয়ে গেলে মাওলানা নেছার ও তার সঙ্গে থাকা ৩-৪ জন সহযোগী তাকেও এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। তাদের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। যাওয়ার আগে তারা ওই এলাকায় পত্রিকা বিক্রি করলে প্রাণনাশের হুমকি দেয়।
বাদী রাহাত চৌধুরী অভিযোগে উল্লেখ করেন, “আমরা পত্রিকার মাধ্যমে সব ধরনের অন্যায়-অশান্তি ও ধর্মব্যবসার বিরুদ্ধে মানুষকে সচেতন করার লক্ষ্যে কাজ করি। তারই অংশ হিসেবে আমাদের প্রতিনিধিরা পত্রিকা বিক্রি করতে গেলে এই হামলার শিকার হন।”
নাঙ্গলকোট থানা পুলিশ জানিয়েছে, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।