Date: April 19, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / আন্তর্জাতিক / একদিন পরই ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

একদিন পরই ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

April 18, 2026 05:10:36 PM   আন্তর্জাতিক ডেস্ক
একদিন পরই ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

মাত্র একদিন খোলা রাখার পর আবারও বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, বর্তমান পরিস্থিতির অবনতি এবং নিরাপত্তা ঝুঁকির কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে ইরানের প্রতিরক্ষা বাহিনীর যৌথ সামরিক কমান্ড এক বিবৃতিতে জানায়, নতুন নির্দেশনা অনুযায়ী হরমুজ প্রণালি পুনরায় বন্ধ রাখা হবে। এর আগে শুক্রবার সাময়িকভাবে একদিনের জন্য এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ খুলে দেওয়া হয়েছিল, যা আন্তর্জাতিক বাণিজ্যে কিছুটা স্বস্তি এনে দিয়েছিল। তবে ২৪ ঘণ্টা না পেরোতেই আবারও সেটি বন্ধ করে দেওয়া হলো।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাওয়ায় ইরান এমন কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে কোনো ধরনের ঝুঁকি নিতে তারা রাজি নয় এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করাই তাদের প্রধান অগ্রাধিকার।

বিশ্ব অর্থনীতির জন্য হরমুজ প্রণালি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পথ। প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য এই প্রণালি দিয়ে পরিবহন করা হয়, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ। ফলে এই রুট বন্ধ হয়ে গেলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি, সরবরাহ সংকট এবং অর্থনৈতিক অস্থিরতা দেখা দেওয়ার আশঙ্কা তৈরি হয়।

ইরানি সামরিক কমান্ড আরও জানায়, প্রণালিটির নিয়ন্ত্রণ ও নিরাপত্তা পুরোপুরি তাদের তত্ত্বাবধানে থাকবে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় তারা কোনো ধরনের আপস করবে না। পাশাপাশি, তারা স্পষ্ট করে দিয়েছে যে, বাইরের কোনো হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না।