Date: April 21, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / উত্তরার অগ্নিকাণ্ডে নিহত একই পরিবারের তিনজনকে পাশাপাশি দাফন করা হলো - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

উত্তরার অগ্নিকাণ্ডে নিহত একই পরিবারের তিনজনকে পাশাপাশি দাফন করা হলো

January 17, 2026 12:53:42 PM   অনলাইন ডেস্ক
উত্তরার অগ্নিকাণ্ডে নিহত একই পরিবারের তিনজনকে পাশাপাশি দাফন করা হলো

উত্তরার অগ্নিকাণ্ডে নিহত একই পরিবারের তিনজনকে পাশাপাশি দাফন করা হয়েছে। রাজধানীর উত্তরার একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়জন নিহত হয়েছেন। এদের মধ্যে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার একই পরিবারের তিনজন—মো. হারিছ উদ্দিন (৫২), তার ছেলে হিসান উদ্দিন রাহাব (১৭) এবং ভাতিজি রোদেলা (১৪)—একসঙ্গে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) রাত ১০টায় সদর ইউনিয়নের দড়িপাঁচাশি গ্রামে জানাজা শেষে মরদেহগুলো দাফন করা হয়। রোদেলা হারিছ উদ্দিনের ছোট ভাই শহীদুল ইসলামের মেয়ে।

নিহত হারিছ উদ্দিনের চাচা নজরুল ইসলাম বলেন, এভাবে একসঙ্গে তিনজনের মৃত্যু হবে—তা কখনো কল্পনাও করিনি। পরিবারটির ক্ষতি অপূরণীয়। তিনি সকলের জন্য মহান আল্লাহর কাছে জান্নাত কামনা করেন।

স্থানীয় সূত্র জানায়, হারিছ উদ্দিন ও তার ভাই শহীদুল ইসলাম দীর্ঘদিন ধরে রাজধানীর উত্তরায় ফলের ব্যবসা করতেন। ব্যবসার সুবাদে তারা পরিবারসহ উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি ছয়তলা আবাসিক ভবনের ভাড়া বাসায় বসবাস করতেন। শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৭টা ৫০ মিনিটে ভবনটির দ্বিতীয় তলায় হঠাৎ অগ্নিকাণ্ড ঘটে, এতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে হারিছ উদ্দিন, তার ছেলে হিসান উদ্দিন রাহাব ও ভাতিজি রোদেলাও রয়েছেন।

এ ঘটনায় হারিছ উদ্দিনের ভাই শহীদুল ইসলাম, তার স্ত্রী শিউলী আক্তার এবং চার বছরের ছেলে উমর উদ্দিন গুরুতর আহত হন। তারা বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আযম জানান, মরদেহগুলো গ্রামে পৌঁছানোর পর এক নজর দেখার জন্য অসংখ্য মানুষ জমায়েত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়।