Date: May 12, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / ঈদে নারীদের জন্য ট্রেনে আলাদা কামরা রাখার নির্দেশ! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ঈদে নারীদের জন্য ট্রেনে আলাদা কামরা রাখার নির্দেশ!

May 12, 2026 05:44:35 PM   অনলাইন ডেস্ক
ঈদে নারীদের জন্য ট্রেনে আলাদা কামরা রাখার নির্দেশ!

ঈদুল আজহা সামনে রেখে নিরাপদ ও স্বস্তিদায়ক রেলযাত্রা নিশ্চিত করতে নারীদের জন্য প্রতিটি ট্রেনে আলাদা কামরা বরাদ্দের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (১২ মে) এ সংক্রান্ত এক রিট আবেদনের শুনানি শেষে হাইকোর্ট এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারী আইনজীবী অ্যাডভোকেট মো. আজমল হোসেন খোকন।

এর আগে বাংলাদেশ রেলওয়েতে নারীদের জন্য পৃথক কামরা বরাদ্দের বিধান বাস্তবায়নের দাবিতে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদন করেন তিনি।

রিটের বিষয়ে আইনজীবী আজমল হোসেন খোকন বলেন, বাংলাদেশ রেলওয়ের বিদ্যমান আইনেই নারী যাত্রীদের জন্য আলাদা কামরার বিধান রয়েছে। তবে বাস্তবে অধিকাংশ ট্রেনে সেই ব্যবস্থা কার্যকর নেই। ফলে নারী যাত্রীদের ভিড় ও নিরাপত্তাজনিত নানা সমস্যার মুখোমুখি হতে হয়।

তিনি বলেন, “ট্রেনে ভ্রমণ আরামদায়ক হলেও একা কোনো নারী যাত্রীকে প্রচণ্ড ভিড় ঠেলে ট্রেনে উঠতে হয়। আবার শত শত পুরুষ যাত্রীর ভিড়ে কামরার ভেতর গিয়ে আসনে বসাও অনেক সময় কষ্টকর হয়ে পড়ে।”

আইনজীবীর ভাষ্য অনুযায়ী, বিশেষ করে রাতের ট্রেনযাত্রায় অনেক নারী নিরাপত্তাহীনতায় ভোগেন। আলাদা কামরা চালু থাকলে নারী যাত্রীরা আরও স্বস্তি ও নিরাপত্তার সঙ্গে যাতায়াত করতে পারবেন।

তিনি আরও বলেন, নারীদের জন্য পৃথক কামরা থাকলে তারা ভ্রমণের সময় প্রয়োজন অনুযায়ী ধর্মীয় কাজ, যেমন নামাজ আদায়ও স্বাচ্ছন্দ্যে করতে পারবেন।

হাইকোর্টের এ নির্দেশকে নারী যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিতের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।