Date: May 20, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / আন্তর্জাতিক / ইসরায়েলকে বিশ্বসেরা উদ্ভাবনী দেশ বললেন ইলন মাস্ক - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ইসরায়েলকে বিশ্বসেরা উদ্ভাবনী দেশ বললেন ইলন মাস্ক

May 19, 2026 08:25:16 PM   আন্তর্জাতিক ডেস্ক
ইসরায়েলকে বিশ্বসেরা উদ্ভাবনী দেশ বললেন ইলন মাস্ক

বিশ্বের শীর্ষ ধনী উদ্যোক্তা ও প্রযুক্তি প্রতিষ্ঠান টেসলা এবং স্পেসএক্স-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক বলেছেন, জনসংখ্যার অনুপাতে বিশ্বের সবচেয়ে বেশি উদ্ভাবন হয় ইসরায়েলে। তিনি দেশটির প্রযুক্তিগত অগ্রগতিকে অসাধারণ এবং বৈশ্বিকভাবে শীর্ষস্থানীয় হিসেবে উল্লেখ করেন।

যুক্তরাষ্ট্রভিত্তিক ডিজিটাল নিউজ প্ল্যাটফর্ম জিউইশ ইনসাইডার এবং এএফপির তথ্য অনুযায়ী, সোমবার (১৮ মে) ইসরায়েলের তেল আবিবে অনুষ্ঠিত আন্তর্জাতিক স্মার্ট মোবিলিটি সামিট ২০২৬-এ ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব মন্তব্য করেন। অনুষ্ঠানে তিনি ইসরায়েলি উদ্ভাবক ও প্রযুক্তি খাতের অগ্রগতির প্রশংসা করেন।

মাস্ক বলেন, ইসরায়েল থেকে আসা উদ্ভাবনের পরিমাণ ও গুণমান সত্যিই অসাধারণ। জনসংখ্যার তুলনায় দেশটি বিশ্বের শীর্ষে অবস্থান করছে বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, ইসরায়েলের প্রযুক্তি খাত তার আকারের তুলনায় অনেক বেশি উন্নতি করেছে এবং তিনি এই অগ্রগতিকে গভীরভাবে সম্মান করেন।

বিশেষজ্ঞদের মতে, ছোট আয়তনের দেশ হয়েও ইসরায়েল সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, স্বয়ংক্রিয় যানবাহন ও পানি শোধন প্রযুক্তির মতো খাতে বিশ্বে শক্ত অবস্থান তৈরি করেছে। পাশাপাশি মাথাপিছু স্টার্টআপ সংখ্যার দিক থেকেও দেশটি শীর্ষ পর্যায়ে রয়েছে।

সামিটে ইলন মাস্ক ভবিষ্যতের পরিবহন ব্যবস্থা, কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর প্রযুক্তি, টেসলার রোবট্যাক্সি এবং মানবসদৃশ রোবট প্রকল্প নিয়েও কথা বলেন। তিনি ইসরায়েলের প্রযুক্তিগত অগ্রগতিকে ভবিষ্যৎ উদ্ভাবনের গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে উল্লেখ করেন।

প্রযুক্তি বিশ্বে ইসরায়েলের অবস্থান এবং উদ্ভাবনী শক্তি নিয়ে ইলন মাস্কের এই মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।