Date: May 14, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / খেলাধুলা / আইসিসির এপ্রিল মাসসেরা হলেন বাংলাদেশের পেসার নাহিদ রানা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

আইসিসির এপ্রিল মাসসেরা হলেন বাংলাদেশের পেসার নাহিদ রানা

May 14, 2026 05:46:50 PM   ক্রীড়া ডেস্ক
আইসিসির এপ্রিল মাসসেরা হলেন বাংলাদেশের পেসার নাহিদ রানা

আন্তর্জাতিক ক্রিকেটে বড় অর্জন বাংলাদেশের। আইসিসির এপ্রিল মাসের সেরা ক্রিকেটার হিসেবে নির্বাচিত হয়েছেন তরুণ পেসার নাহিদ রানা। ওমান ও সংযুক্ত আরব আমিরাতের দুই প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলে তিনি এই সম্মাননা অর্জন করেন। নিউজিল্যান্ড সিরিজে দুর্দান্ত বোলিং পারফরম্যান্সই তার এই সাফল্যের মূল ভিত্তি।

বৃহস্পতিবার (১৪ মে) ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি আনুষ্ঠানিকভাবে এপ্রিল মাসের সেরা খেলোয়াড় হিসেবে নাহিদ রানার নাম ঘোষণা করে। এই প্রথমবারের মতো এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি পেলেন বাংলাদেশের এই তরুণ গতি তারকা।

মাসসেরার দৌড়ে নাহিদ রানা পেছনে ফেলেছেন ওমানের জাতিন্দর সিং এবং সংযুক্ত আরব আমিরাতের অজর কুমারকে। তার এই অর্জনের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে অসাধারণ পারফরম্যান্স।

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নাহিদ রানা ১৬.৭৫ গড় ও ৪.৪৬ ইকোনমিতে মোট ৮ উইকেট শিকার করেন। সিরিজের প্রথম ম্যাচে তিনি ৬৫ রান দিয়ে ১ উইকেট নিলেও দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ান। ওই ম্যাচে মাত্র ৩২ রান খরচায় ৫ উইকেট নিয়ে ক্যারিয়ারের দ্বিতীয় ফাইফার তুলে নেন এবং দলকে জয়ের পথে এগিয়ে দেন।

চট্টগ্রামে অনুষ্ঠিত শেষ ম্যাচে তিনি আরও ২ উইকেট শিকার করে সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বাংলাদেশ ওই সিরিজে ২-১ ব্যবধানে জয় লাভ করে এবং নাহিদ রানা সিরিজসেরার পুরস্কারও অর্জন করেন।

শুধু নিউজিল্যান্ড সিরিজই নয়, মার্চ মাসে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজেও নাহিদ রানা ছিলেন দুর্দান্ত ফর্মে। সেখানে তিনি ৮ উইকেট শিকার করেন এবং এক ম্যাচে ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখান।

পরবর্তীতে টেস্ট ম্যাচেও তিনি নিজের ফর্ম ধরে রাখেন। মিরপুরে অনুষ্ঠিত ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৫ উইকেট নিয়ে বাংলাদেশের ১০৪ রানের ঐতিহাসিক জয়ে বড় অবদান রাখেন।

মাসসেরা নির্বাচিত হয়ে প্রতিক্রিয়ায় নাহিদ রানা জানান, শক্তিশালী নিউজিল্যান্ডের বিপক্ষে এমন পারফরম্যান্সের স্বীকৃতি পাওয়া তার জন্য গর্বের। তিনি এই অর্জনকে ক্যারিয়ারের একটি স্মরণীয় মুহূর্ত হিসেবে উল্লেখ করেন এবং সতীর্থদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, ভবিষ্যতে দেশের হয়ে আরও বড় সাফল্য এনে দিতে চান এবং নিয়মিত ভালো পারফরম্যান্স ধরে রাখাই তার লক্ষ্য।

উল্লেখ্য, এর আগে গত বছরের এপ্রিলে বাংলাদেশি ক্রিকেটার মেহেদী হাসান মিরাজও আইসিসির মাসসেরা খেলোয়াড়ের স্বীকৃতি অর্জন করেছিলেন।