


কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ১৯৮ কিলোমিটার সীমান্ত এলাকায় কড়া নজরদারি ও সর্বোচ্চ সতর্কতা অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালান ঠেকাতে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ এলাকায় টহল কার্যক্রম জোরদার করেছে। বৃহস্পতিবার সকালে কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক এই তথ্য জানিয়েছেন।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তে যেকোনো ধরণের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা এবং অবৈধ পারাপার বন্ধে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। ব্যাটালিয়নের প্রতিটি বিওপি (বর্ডার আউট পোস্ট) থেকে দিন-রাত ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে পাহারা দেওয়া হচ্ছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বাড়তি নজরদারি বসানোর পাশাপাশি বিজিবি সদস্যদের সর্বোচ্চ প্রস্তুত রাখা হয়েছে। সীমান্ত সুরক্ষার এই ধরণ আরও কঠোর করা হয়েছে বলে বিজিবি নিশ্চিত করেছে।
অধিনায়ক মোহাম্মদ মাহবুব-উল-হক জানান, দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত অপরাধ দমনে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে কাজ করছে। সীমান্তে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে বিজিবির এই তৎপরতা সবসময় অব্যাহত থাকবে। দেশের স্বার্থে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তারা সজাগ আছেন বলেও তিনি উল্লেখ করেন।