


লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বনচৌকী আমঝোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মো. খাদেমুল (২৫) নামের এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে সীমান্তের বনচৌকী বিওপি সংলগ্ন এলাকায় এই ঘটনাটি ঘটে।
নিহত খাদেমুল উপজেলার গোতামারি ইউনিয়নের পূর্ব আমঝোল গ্রামের আমজাদ হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্ত পিলারের কাছে কয়েকজন বাংলাদেশি মাছ ধরতে গিয়েছিলেন। সেই সময় ভারতের ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের পাগলামারী ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে ছররা গুলি ছোড়ে। এতে খাদেমুলের মুখ, বুক ও মাথায় আঘাত লাগে।
গুলিবিদ্ধ অবস্থায় খাদেমুল দ্রুত বাংলাদেশের অভ্যন্তরে ফিরে আসেন। পরে তার সহযোগীরা তাকে উদ্ধার করে রংপুরের একটি ক্লিনিকে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ধরণের অনাকাঙ্ক্ষিত ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
গোতামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোনাব্বেরুল হক মোনা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমামও বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় প্রশাসন পুরো বিষয়টি খতিয়ে দেখছে।