


ফেনী প্রতিনিধি:
ফেনী রিপোর্টার্স ইউনিটির কমিটি নিয়ে বিরোধের জেরে তথ্য ও প্রযুক্তি আইনের ৫৭ ধারায় করা একটি মামলা থেকে অব্যাহতি পেয়েছেন সাংবাদিক মাঈন উদ্দিন পাটোয়ারী ও রাজিব মাসুদ। বুধবার চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালের বিচারক কাজী মিজানুর রহমান এই আদেশ দেন।
সিআইডির দেওয়া অধিকতর তদন্ত প্রতিবেদন গ্রহণ করে আদালত তাদের মামলা থেকে মুক্তি দেন। এর আগে গত ১২ এপ্রিল সিআইডি ফেনীর পরিদর্শক মো. সাখাওয়াত হোসেন আদালতে এই তদন্ত প্রতিবেদন জমা দিয়েছিলেন।
মামলার সূত্র ধরে জানা গেছে, ২০২২ সালের ৫ এপ্রিল সাংবাদিক শাহাদাত হোসেন বাদী হয়ে মাঈন উদ্দিন পাটোয়ারী ও রাজিব মাসুদসহ পাঁচজনের বিরুদ্ধে এই মামলাটি করেছিলেন। আদালত শুরুতে মামলাটি তদন্তের জন্য পিবিআই ফেনীকে নির্দেশ দিয়েছিলেন। পিবিআইয়ের পরিদর্শক রতেফ চন্দ্র দাস তদন্ত শেষে প্রতিবেদন জমা দিলে বাদী শাহাদাত হোসেন তার ওপর নারাজি আবেদন করেন এবং অধিকতর তদন্তের দাবি জানান।
বাদীর আবেদনের প্রেক্ষিতে আদালত গত বছরের ৮ মে মামলাটি সিআইডিকে অধিকতর তদন্তের দায়িত্ব দেন। সিআইডি দীর্ঘ তদন্ত শেষে অভিযোগের সত্যতা না পাওয়ায় আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়। বুধবার শুনানি শেষে আদালত সেই প্রতিবেদন গ্রহণ করেন এবং অভিযুক্তদের মামলা থেকে অব্যাহতি দেন।
চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী সেলিম উদ্দিন শাহীন এই আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন। সংগঠনের অভ্যন্তরীণ কোন্দলের জেরে এই মামলা করার ধরণটি স্থানীয় সংবাদকর্মীদের মধ্যে বেশ আলোচনার জন্ম দিয়েছিল। আইনি প্রক্রিয়ার মাধ্যমে সত্য বেরিয়ে আসায় স্বস্তি প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।