Date: April 19, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / হস্তশিল্পের হাট বসেছে নেত্রকোণায়, মাসজুড়ে বাণিজ্যের উৎসব - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

হস্তশিল্পের হাট বসেছে নেত্রকোণায়, মাসজুড়ে বাণিজ্যের উৎসব

May 28, 2025 08:10:48 PM   উপজেলা প্রতিনিধি
হস্তশিল্পের হাট বসেছে নেত্রকোণায়, মাসজুড়ে বাণিজ্যের উৎসব

নেত্রকোণা প্রতিনিধি:
নেত্রকোণায় শুরু হয়েছে মাসব্যাপী তাঁত, বস্ত্র, কুটির শিল্প ও বাণিজ্য মেলা। স্থানীয় ঐতিহ্যবাহী হস্ত ও কুটির শিল্পের বিকাশ, বিপণন এবং জেলার সাধারণ মানুষের বিনোদনের জন্য ব্যতিক্রমধর্মী এই মেলার আয়োজন করা হয়েছে।

বুধবার (২৮ মে) দুপুরে শহরের জয়নগর এলাকার দত্ত উচ্চ বিদ্যালয় মাঠে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম. কিবরিয়া চৌধুরী হেলিম। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোখলেছুর রহমান খসরু। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু, জাতীয় গণতান্ত্রিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় সংগঠক প্রীতম সোহাগ এবং কেন্দ্রীয় সদস্য ফাহিম রহমান খান পাঠান।

মেলায় হস্ত, কুটির ও বস্ত্র শিল্পসহ বিভিন্ন পণ্যের শতাধিক স্টল অংশ নিয়েছে। স্টলগুলোতে মাটির তৈজসপত্র, কাঠের আসবাব ও কারুকাজ, দেশীয় তাঁতের কাপড়, চামড়াজাত সামগ্রী, খাদ্যপণ্য, নকশীকাঁথা ও গৃহসজ্জার পরিবেশবান্ধব নানা হস্তশিল্প প্রদর্শিত হচ্ছে।

আয়োজকেরা জানান, এই মেলার মূল উদ্দেশ্য জেলার ঐতিহ্যবাহী হস্ত ও কুটির শিল্পীদের তৈরি পণ্যের বাজার তৈরি এবং তাঁদের দক্ষতাকে দেশজুড়ে তুলে ধরা। একইসঙ্গে, এটি দর্শনার্থীদের জন্য একটি সুস্থ বিনোদনের কেন্দ্র হিসেবেও কাজ করবে।

প্রতিদিনের আয়োজনে থাকছে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকজ সংগীত, নাটিকা, নৃত্য পরিবেশনা এবং শিশুদের জন্য রাইডিং ও খেলাধুলা। সন্ধ্যায় জমে উঠবে মেলার প্রাণ-সংস্কৃতি ও কণ্ঠসংগীতের পরিবেশনা।

আয়োজক ও জেলা সমবায় ব্যাংকের নেতারা বলেন, নেত্রকোণার মতো শিল্পনির্ভর জেলায় হস্ত ও কুটির শিল্পের বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের মেলা অর্থনীতি চাঙা করার পাশাপাশি সামাজিক সংহতিও বৃদ্ধি করে।

তাঁরা আশাবাদ ব্যক্ত করেন, প্রতি বছর নিয়মিতভাবে এ আয়োজন অব্যাহত থাকলে জেলার অনেক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা নতুন উদ্যমে কাজ শুরু করতে পারবেন এবং কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে।