


দেশজুড়ে হঠাৎ হাম আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে চলতি বছরের মার্চ পর্যন্ত ২২ শিশুর মৃত্যু হয়েছে। দেশের অন্যান্য জেলায়ও হামের প্রকোপ দেখা দিয়েছে। বিশেষ করে টিকা না নেওয়া শিশুদের মধ্যে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, নিয়মিত টিকা এবং স্বাস্থ্যবিধি মেনে চললে এই প্রাদুর্ভাব প্রতিরোধ করা সম্ভব।
ঢাকার সংক্রামক ব্যাধি হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট ডা. শ্রীবাস পাল জানান, চলতি বছরে হাম আক্রান্ত ছয় শতাধিক রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ২২ শিশু মারা গেছে। শুধু মার্চ মাসেই হাসপাতালে ভর্তি হয়েছে পাঁচ শতাধিক আক্রান্ত। বর্তমানে হাসপাতালে শতাধিক শিশু ভর্তি রয়েছে।
ডা. শ্রীবাস পাল আরও বলেন, টিকা না নেওয়ায় শিশুরা হামের জন্য সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। কোভিডের সময় স্বাস্থবিধি মেনে চলার মতো সতর্কতা পালন করলে হামের প্রাদুর্ভাব অনেকটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব। তিনি অভিভাবকদের প্রতি অনুরোধ করেছেন, শিশুদের নিয়মিত টিকা দেওয়ার পাশাপাশি পরিচ্ছন্নতা ও স্যানিটেশন বজায় রাখতে।
এছাড়া, দেশের বিভিন্ন জেলা স্বাস্থ্য বিভাগকে সতর্ক থাকতে বলা হয়েছে। বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন, যদি দ্রুত ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে হামের প্রকোপ আরও বিস্তৃত হতে পারে এবং শিশুদের মৃত্যু বৃদ্ধি পেতে পারে।