


পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ২৫ হাজার ৩৯৬ জন হজযাত্রী সৌদি আরবের পৌঁছেছেন। এ সময় হজ পালন করতে গিয়ে মো. আবুল কাশেম (৭০) নামে আরও একজন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মক্কা-র বাংলাদেশ হজ অফিস বিষয়টি নিশ্চিত করেছে।
জানা গেছে, মৃত আবুল কাশেমের বাড়ি টাঙ্গাইলে। এর আগে গত ২১ এপ্রিল জয়পুরহাটের মো. নইম উদ্দীন মণ্ডলও হজ পালন করতে গিয়ে মারা যান। এ নিয়ে চলতি মৌসুমে সৌদি আরবে দুইজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হলো।
হজ অফিস সূত্রে জানা যায়, সৌদি আরবে পৌঁছানো যাত্রীদের মধ্যে ২ হাজার ৮৭০ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ২২ হাজার ৫২৬ জন বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন। এ পর্যন্ত মোট ৬৩টি ফ্লাইট পরিচালিত হয়েছে।
এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালনা করেছে ২৪টি ফ্লাইট, সৌদি এয়ারলাইনস ২৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ১৬টি ফ্লাইট পরিচালনা করেছে। যাত্রী পরিবহনে বিমান বাংলাদেশ এয়ারলাইনসে গেছেন ৯ হাজার ৯৫১ জন, সৌদি এয়ারলাইনসে ৮ হাজার ৫৮০ জন এবং ফ্লাইনাসে ৬ হাজার ৮৬৫ জন।
সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। এর মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি এবং ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাচ্ছেন।