Date: April 30, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / সংসদে অসুস্থ বিরোধীদলীয় এমপি, খোঁজ নিলেন প্রধানমন্ত্রী - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সংসদে অসুস্থ বিরোধীদলীয় এমপি, খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

April 29, 2026 03:42:51 PM   দেশেরপত্র ডেস্ক
সংসদে অসুস্থ বিরোধীদলীয় এমপি, খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জাতীয় সংসদ অধিবেশনের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিরোধীদলীয় সংসদ সদস্য হাফেজ রবিউল বাশার। পরে দ্রুত তাকে চিকিৎসা দেওয়া হয় এবং সংসদ লবিতে নেওয়া হয়। এ সময় তার শারীরিক অবস্থার খোঁজ নেন প্রধানমন্ত্রী।


বুধবার (২৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন চলাকালে দুপুর প্রায় ১টা ৪০ মিনিটে অসুস্থ হয়ে পড়েন হাফেজ রবিউল বাশার, যিনি সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য।

ঘটনার পরপরই উপস্থিত সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মীরা দ্রুত তাকে অধিবেশন কক্ষ থেকে সংসদ লবিতে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।

পরবর্তীতে যোহরের নামাজের বিরতির সময় সংসদে উপস্থিত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি সংসদ লবিতে গিয়ে অসুস্থ এমপির খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতার জন্য প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

এ সময় জাতীয় সংসদের চিফ হুইপসহ অন্যান্য হুইপ ও সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। তারা এমপির শারীরিক অবস্থার বিষয়ে খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করেন।

বর্তমানে সংশ্লিষ্ট সংসদ সদস্যকে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানা গেছে।