


সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলায় যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদকসহ আওয়ামী লীগের প্রভাবশালী পাঁচ নেতা দল থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগদান করেছেন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার যদুনন্দী নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন। এ সময় তাদের সঙ্গে কয়েকশ নেতাকর্মীও বিএনপিতে যোগ দেন।
বিএনপিতে যোগদানকারী নেতারা হলেন- সালথা উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলিমুজ্জান নয়ন, যদুনন্দী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি হান্নান মৃধা, ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রতন মাতুব্বর, সাধারণ সম্পাদক টুকু শেখ এবং ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিবু মাতুব্বর।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আলিমুজ্জান নয়ন বলেন, ‘আমরা পাঁচজন নেতা স্বেচ্ছায়, কোনো প্রকার চাপ বা ভয়ভীতি ছাড়াই আওয়ামী লীগ থেকে পদত্যাগ করলাম।’
তিনি আরও বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুর রাজনৈতিক কর্মকাণ্ডে সন্তুষ্ট হয়ে আমরা বিএনপিতে যোগ দিচ্ছি।’ ঘোষণার পরপরই তারা কয়েকশ নেতাকর্মী নিয়ে স্থানীয় বিএনপি নেতাদের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে দলে যোগদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন যদুনন্দী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বিএনপি নেতা আব্দুল কাইয়ুম মোল্যা, প্রবীণ নেতা সৈয়দ মকবুল হোসেন (বাবু), ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মুন্সি শাহআলম, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ওহিদুজ্জামান খান, ৭ নম্বর ওয়ার্ড সভাপতি কামরুল পাটোয়ারী, ৯ নম্বর ওয়ার্ড নেতা আশরাফ ভূইয়া ও সাবেক ইউপি সদস্য সাবু মেম্বার প্রমুখ।