


বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) নেতারা বলেছেন, সরকারের অব্যবস্থাপনা, অদক্ষতা ও সাধারণ মানুষের প্রতি দায়িত্বহীনতার কারণে দেশে গ্যাস সংকট তীব্র আকার নিয়েছে। তারা দাবি করেছেন, ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়ায় এলপিজি ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরি করছে। তাই আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে পার্টি।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারে তিতাস গ্যাস অফিসের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে এসব বক্তব্য রাখেন সিপিবি নেতারা। সমাবেশের সভাপতিত্ব করেন ঢাকা মহানগর (উত্তর) কমিটির সভাপতি হাসান হাফিজুর রহমান সোহেল এবং সঞ্চালনা করেন কমিটি সদস্য ফেরদৌস আহমেদ উজ্জল। সমাবেশে উপস্থিত ছিলেন পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি সাজ্জাদ জহির চন্দন, সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, কেন্দ্রীয় নেতা মিহির ঘোষ, ডা. আহম্মেদ সাজেদুল হক রুবেল, ঢাকা মহানগরের উত্তরের সাধারণ সম্পাদক লুনা নূর ও সদস্য কল্লোল বণিক, বাংলাদেশ হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক সেকেন্দার হায়াৎ, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ প্রমুখ।
সমাবেশে সিপিবি সভাপতি সাজ্জাদ জহির চন্দন বলেন, রাজধানীর বিভিন্ন এলাকায় দীর্ঘ সময় ধরে ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ না থাকায় জনজীবন মারাত্মকভাবে বিপর্যস্ত হয়েছে। তিনি বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার জনগণের দুর্ভোগকে কোনো গুরুত্বই দিচ্ছে না। সিলিন্ডার গ্যাসের ব্যবসায় সিন্ডিকেট সক্রিয় রয়েছে, যা মানুষের দুর্ভোগকে আর্থিক লোভে পরিণত করেছে। আমরা মনে করি এটি একটি পরিকল্পিত সংকট। এই সিন্ডিকেট ভাঙা না হলে জনগণের ভাগ্যও বদলাবে না। আমাদের এই সংকটের বিরুদ্ধে দুর্বার লড়াই গড়ে তুলতে হবে।”
সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, দেশে গ্যাস উত্তোলন ও সরবরাহের যথাযথ ব্যবস্থা না নেওয়ায় এলপিজির উপর অতিরিক্ত নির্ভরশীলতা তৈরি হয়েছে, যা ব্যবসায়ী সিন্ডিকেটকে আরও সুযোগ দিয়েছে। তিনি অভিযোগ করেন, “আগে বলা হতো দলীয় সরকার সাধারণ মানুষের স্বার্থ না দেখে বিশেষ গোষ্ঠীর স্বার্থ রক্ষা করে। এখন দেখা যাচ্ছে, এই অন্তর্বর্তীকালীন সরকারও সাধারণ মানুষের প্রতি দায়িত্ব পালন না করে, ব্যবসায়ী সিন্ডিকেটের স্বার্থ রক্ষা করছে।” তিনি গ্যাস খাতে সমস্যা সমাধানে সরকারের দায়িত্বশীল আচরণ ও অবিলম্বে শ্বেতপত্র প্রকাশের আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে হাসান হাফিজুর রহমান সোহেল বলেন, “এই সরকার সাধারণ জনগণের দুর্ভোগ বাড়িয়ে জনজীবন বিপর্যস্ত করেছে। আমরা সরকারকে সাত দিনের মধ্যে গ্যাস সংকট সমাধানের জন্য আল্টিমেটাম দিচ্ছি। যদি এর মধ্যে সমস্যা সমাধান না হয়, আমরা সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে শক্তিশালী আন্দোলন গড়ে তুলব।”
বিক্ষোভ সমাবেশ শেষে সিপিবির একটি প্রতিনিধিদল তিতাস গ্যাসের এমডির নিকট গ্যাস সমস্যা সমাধানের জন্য সাতদফা দাবি সম্বলিত স্মারকলিপি হস্তান্তর করে।