


সাত কলেজের শিক্ষার্থীরা নতুন কর্মসূচি ঘোষণা করেছে । সাত কলেজের শিক্ষার্থীরা প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। বুধবার (১৪ জানুয়ারি) বেলা ১২টা থেকে অনুষ্ঠিত পূর্বের অবরোধ কর্মসূচি স্থগিত করে তারা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির ডাক দিয়েছেন।
এ কর্মসূচি সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে বিকেলে ঘোষণা করা হয়। ঘোষণায় বলা হয়, আগামীকাল বৃহস্পতিবার থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা লাগাতার এই কর্মসূচি চালিয়ে যাবেন। বাঙলা কলেজের শিক্ষার্থী মাসুম বিল্লাহ সাংবাদিকদের জানান, সায়েন্সল্যাব, টেকনিক্যাল ও তাঁতীবাজার মোড়ে সকাল ১১টা থেকে একযোগে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চলবে।
মাসুম বিল্লাহ আরও বলেন, আজকের কর্মসূচি শেষ হলেও আন্দোলনের মূল দাবি থেকে শিক্ষার্থীরা সরে আসবেন না। তাদের আন্দোলন শুধু এক দিনের নয়; বরং এটি ভবিষ্যৎ ও শিক্ষার অধিকার আদায়ের দীর্ঘ লড়াই। শিক্ষার্থীদের লক্ষ্য স্পষ্ট—শিক্ষা তাদের জীবনের সবচেয়ে বড় আশা। সেই আশা বাস্তবায়নের জন্য তারা ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবেন।
উল্লেখ্য, বুধবার রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে সাত কলেজের শিক্ষার্থীরা প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বাস্তবায়নের দাবিতে অবরোধ কর্মসূচি পালন করেন। এতে যান চলাচল কয়েক ঘণ্টার জন্য বন্ধ হয়ে পুরো ঢাকা কার্যত অচল হয়ে পড়ে, ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। শিক্ষার্থীরা দাবি করেন, আগামী ১৫ জানুয়ারি অনুষ্ঠিতব্য অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন ২০২৫’-এর অনুমোদন দিতে হবে এবং রাষ্ট্রপতির পক্ষ থেকে চূড়ান্ত অধ্যাদেশ জারি করতে হবে।