


বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খানের চলচ্চিত্র ম্যায় হুঁ না–তে নায়িকা হওয়ার কাহিনী আজও সিনেমা প্রেমীদের কাছে আলোচনার বিষয়। জানা যায়, সিনেমার জন্য প্রথমে অমৃতা রাও নয়, বরং আয়েশা টাকিয়াকে চূড়ান্ত করা হয়েছিল। তবে শুটিং শুরুর মাত্র দুই সপ্তাহ আগে আয়েশা ছবিটি করার সুযোগ পাননি।
সম্প্রতি নিজের ভ্লগে ছবির পরিচালক ফারাহ খান এই ঘটনার বিস্তারিত তুলে ধরেছেন। ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত ম্যায় হুঁ না চলচ্চিত্রের মাধ্যমে পরিচালনায় আসেন কোরিওগ্রাফার ফারাহ খান। সিনেমায় শাহরুখ খানের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন অমৃতা রাও। ফারাহ জানান, শুরুতে চরিত্রের জন্য বেছে নেওয়া হয়েছিল আয়েশা টাকিয়াকে। শুটিং শুরু হওয়ার ঠিক দুই সপ্তাহ আগে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছিল, এমনকি দার্জিলিঙের লোকেশনও বুক করা হয়েছিল। সেই সময় জানতে পারেন আয়েশা ছবিটি করতে পারবে না, কারণ তিনি তখন ইমতিয়াজ আলির অন্য একটি ছবির শুটিংয়ে ব্যস্ত ছিলেন।
নায়িকা পরিবর্তনের পর শাহরুখ খানের স্ত্রী এবং ছবির সহপ্রযোজক গৌরী খান ফারাহকে পরামর্শ দেন অমৃতা রাওয়ের সঙ্গে দেখা করতে। ফারাহ বলেন, প্রথমে অমৃতাকে দেখে মনে হয়নি চরিত্রের সঙ্গে মেলে, কারণ তিনি সাধারণ পোশাকে ছিলেন। কিন্তু অডিশনে কান্নার দৃশ্যের সময় অমৃতা ক্যামেরার সামনে একেবারে ভিন্ন চরিত্রে পরিণত হন, যা তীব্রতায় সবার মন জয় করে।
শেষ পর্যন্ত অমৃতা রাও ছবিতে জায়গা পান, এবং ম্যায় হুঁ না মুক্তির পর তার অভিনয় প্রশংসিত হয়। এই চলচ্চিত্র ফারাহ খানের পরিচালনাজীবনের নতুন অধ্যায়ের সূচনা হিসেবে বিবেচিত হয়।