Date: May 20, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / শাহ আলী মাজারে হামলা সরকার উৎখাতের পরিকল্পনা! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শাহ আলী মাজারে হামলা সরকার উৎখাতের পরিকল্পনা!

May 20, 2026 06:40:13 PM   অনলাইন ডেস্ক
শাহ আলী মাজারে হামলা সরকার উৎখাতের পরিকল্পনা!

শাহ আলী মাজারে হামলার ঘটনাকে বর্তমান সরকারকে উৎখাতের পরিকল্পনার অংশ হিসেবে আখ্যা দিয়েছেন রাষ্ট্রচিন্তক ও কবি ফরহাদ মজহার। তিনি বলেন, প্রকাশ্যে লাঠিসোঁটা নিয়ে মাজারে হামলা চালানো হলেও এখনো হামলাকারীদের গ্রেপ্তার করা হয়নি, যা অত্যন্ত উদ্বেগজনক।

বুধবার (২০ মে) টাঙ্গাইলের দেলদুয়ারে আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবস উপলক্ষে আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উবিনীগ ও নয়াকৃষির উদ্যোগে এ সমাবেশ ও প্রাণবৈচিত্র্য মেলার আয়োজন করা হয়।

ফরহাদ মজহার বলেন, “শাহ আলী মাজারে হামলা করার কথা নয়। এই হামলা কারা করলো? এটি সরাসরি এই সরকারকে উৎখাত করার পরিকল্পনা। প্রকাশ্যে লাঠি নিয়ে মাজারে প্রবেশ করে হামলা করা হয়েছে। তাদের প্রত্যেকের ছবি রয়েছে। আমি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে বলছি, হামলাকারীরা এখনো কেন গ্রেফতার হলো না?”

রাজনৈতিক প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিএনপি ভুল করলে সমালোচনা করা হবে, তবে দলটিকে নিজেদের আদর্শ ও কর্মীদের শক্তির ওপর দাঁড়িয়ে রাজনীতি করতে হবে। আওয়ামী লীগের ওপর নির্ভর করে রাজনীতি করলে তা টেকসই হবে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, বর্তমানে বিশ্বজুড়ে অস্থিরতা চলছে। বৈশ্বিক জ্বালানি সংকট এবং কৃষি ব্যবস্থার করপোরেট নিয়ন্ত্রণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে ফরহাদ মজহার বলেন, ভবিষ্যতে বাংলাদেশ বড় ধরনের জ্বালানি সংকটে পড়তে পারে। এ সংকট মোকাবিলায় এখন থেকেই পরিকল্পনা নেওয়া প্রয়োজন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আগামী দিনে তারেক রহমান বড় সংকটের মুখোমুখি হবেন। তাকে নিজের কথা নিজেকেই বলতে হবে। সংসদে তার হয়ে অন্য কেউ কথা বললে মানুষ তা মেনে নেবে না।”

সমাবেশে আরও বক্তব্য দেন উবিনীগের নির্বাহী পরিচালক ও সাবেক উপদেষ্টা ফরিদা আখতার। অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলার কৃষক-কৃষানিরা অংশ নেন।