Date: May 18, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / শিশুকে চুরি করে নিয়ে ৪ হাজার টাকায় বিক্রি! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শিশুকে চুরি করে নিয়ে ৪ হাজার টাকায় বিক্রি!

May 18, 2026 01:33:59 PM   অনলাইন ডেস্ক
শিশুকে চুরি করে নিয়ে ৪ হাজার টাকায় বিক্রি!

নরসিংদীর শিবপুর থেকে চুরি হওয়ার দুই দিন পর তিন বছরের শিশু উম্মে হানিকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, শিশুটিকে মাত্র ৪ হাজার টাকায় বিক্রি করা হয়েছিল।

রোববার (১৭ মে) রাত সাড়ে ১১টার দিকে হবিগঞ্জ জেলার মাধবপুর থানার সাহেব বাজার গেট এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন— হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নতুন বাজার বাগবাড়ী গ্রামের মৃত সিদ্দিক মিয়ার ছেলে নিজাম উদ্দিন (৪২) এবং তার স্ত্রী শরিফা খাতুন (২৯)। শরিফার বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায়।

উদ্ধার হওয়া শিশু উম্মে হানি শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের কামরাব নোয়ারা গ্রামের ইব্রাহিম মোল্লার মেয়ে। তারা শিবপুর কলেজপাড়ায় ভাড়া বাসায় থাকতেন।

শিশুটির মা জানান, একই বাসায় ভাড়া থাকার সুবাদে শরিফা খাতুনের সঙ্গে পরিচয় হয়। শুক্রবার সকালে মেয়েকে বাইরে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে শরিফা তাকে নিয়ে পালিয়ে যান। পরে অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যায় থানায় অভিযোগ করা হয়।

পুলিশ জানায়, অভিযোগ পাওয়ার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় শরিফা খাতুনের অবস্থান শনাক্তের চেষ্টা শুরু হয়। এ সময় সিলেট ও হবিগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। গ্রেপ্তার এড়াতে অভিযুক্তরা বারবার অবস্থান পরিবর্তন করছিলেন।

পরে র‌্যাবের সহযোগিতায় মাধবপুরের সাহেব বাজার গেট এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। একই সঙ্গে শরিফা খাতুন ও তার স্বামী নিজাম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে শরিফা খাতুন স্বীকার করেছেন— তিনি শিশু উম্মে হানিকে ৪ হাজার টাকার বিনিময়ে বিক্রি করেছিলেন।

শিবপুর মডেল থানার ওসি মো. কোহিনুর মিয়া বলেন, “অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ ও র‌্যাব যৌথভাবে অভিযান চালায়। পরে শিশুটিকে উদ্ধার এবং জড়িত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।”