


ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কাতলাগাড়ি বাজারে ন্যায্যমূল্যে সার ও কীটনাশক সরবরাহ, সার সিন্ডিকেটের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও বিচার, কৃষকদের জন্য সামাজিক পেনশন ও সরকারি হারে রেশন চালু এবং গঙ্গা-কপোতাক্ষ (জিকে) সেচ প্রকল্পে সারাবছর পানি সরবরাহের দাবিতে হাটসভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ নভেম্বর ২০২৫) সকাল ৮টায় বাংলাদেশ কৃষক সমিতি শৈলকুপা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। কৃষক সংগঠক রুহুল আমিন জোয়ার্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক সমিতির ঝিনাইদহ জেলা কমিটির সদস্য সচিব সাজ্জাদ হোসেন, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির নেতা স্বপন বাগচী, প্রভাষক শাহাদাত হোসেন, ক্ষেতমজুর সমিতির জেলা সাধারণ সম্পাদক সুজন বিপ্লব, জেলা কমিটির সদস্য ওহাব মল্লিক, কৃষক সমিতির নেতা হেলাল উদ্দিন, উদীচী শিল্পীগোষ্ঠী শৈলকুপা শাখার সভাপতি আলমগীর অরণ্য এবং ছাত্র ইউনিয়ন সংগঠক সুব্রত বিশ্বাস ও আতিক আহমেদ।
বক্তারা বলেন, ফসল ও বীজ সংরক্ষণে হিমাগার প্রতিষ্ঠা, প্রতিটি ইউনিয়নে ক্রয়কেন্দ্র চালু, এবং জিকে সেচ প্রকল্পে সারাবছর পানি সরবরাহ নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকার কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। তারা অভিযোগ করেন, কৃষিব্যবস্থার আধুনিকায়ন ও সংস্কারে কোনো কমিশন গঠন করা হয়নি এবং ঐক্যমতের নামে গঠিত কমিশনে কৃষকদের কোনো প্রতিনিধিত্ব নেই।
বক্তারা কৃত্রিম সার সংকট, অসম বণ্টন এবং সরবরাহে দুর্নীতির তীব্র সমালোচনা করেন। তারা কৃষিপণ্যের লাভজনক মূল্য নির্ধারণসহ বিভিন্ন ন্যায্য দাবি আদায়ে কৃষক ও শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধ হয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার এবং একটি বিকল্প বাম গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার আহ্বান জানান।