


গাজীপুরের শ্রীপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও গাজীপুর-৩ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু। দোয়ার আগে বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক ও কর্মময় জীবনের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, ‘বেগম খালেদা জিয়া আপোষহীন নেত্রী। তিনি তার পুরো জীবন দেশ ও দেশের মানুষের জন্য উৎসর্গ করেছেন। ফ্যাসিস্ট আওয়ামী সরকার কর্তৃক ধ্বংসপ্রাপ্ত গণতন্ত্র যখন ফিরিয়ে আনার কার্যক্রম চলছে, তখনই তিনি অসুস্থ হয়ে পড়েছেন। দেশের এই ক্রান্তিলগনে বেগম জিয়ার উপস্থিতি খুবই প্রয়োজন। আমরা সবাই দোয়া করব যেন আমাদের নেত্রী দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।’
২ নম্বর গাজীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এনামুল হক মনির সভাপতিত্বে ও সদস্যসচিব অ্যাডভোকেট দবির আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আব্দুল মোত্তালেব, সদস্যসচিব খাইরুল কবির মন্ডল আজাদ, যুগ্ম আহ্বায়ক মোসলেম উদ্দিন মীরধা, যুগ্ম আহ্বায়ক মুক্তারুল করীম মোড়ল শামীম, কেন্দ্রীয় মহিলা দলের জ্যেষ্ঠ প্রকাশনাবিষয়ক সম্পাদক বেগম মর্জিনা আফসার, গাজীপুর ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক রাসেল আহমেদ ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. শরাফত আলী প্রমুখ।