Date: May 03, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / রাণীশংকৈলে সার না পেয়ে কৃষকের মারধরে দাঁত ভাঙল কৃষি কর্মকর্তার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

রাণীশংকৈলে সার না পেয়ে কৃষকের মারধরে দাঁত ভাঙল কৃষি কর্মকর্তার

December 03, 2025 09:20:54 PM   অনলাইন ডেস্ক
রাণীশংকৈলে সার না পেয়ে কৃষকের মারধরে দাঁত ভাঙল কৃষি কর্মকর্তার

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সার না পেয়ে বিক্ষুব্ধ কৃষকদের মারধরে আকতারুল ইসলাম নামে এক উপ-সহকারী কৃষি কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। হামলায় ওই কর্মকর্তার একটি দাঁত ভেঙে গেছে এবং মাথায় জখম হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে উপজেলার উমরাডাঙ্গী বাজারে সার বিতরণের সময় এ ঘটনা ঘটে। আহত আকতারুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় ও কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে গম, ভুট্টা, আলু ও সরিষা চাষের জন্য উপজেলায় সারের চাহিদা বেড়েছে। তবে সরবরাহ কম থাকায় ডিলারদের কাছে পর্যাপ্ত সার মিলছে না বলে অভিযোগ কৃষকদের।

মঙ্গলবার উমরাডাঙ্গী বাজারে মেসার্স মল্লিক ট্রেডার্সের ডিলারের মাধ্যমে সার বিতরণ চলছিল। সেখানে তদারকিতে ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা আকতারুল ইসলাম। প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও অনেকে সার পাচ্ছিলেন না। এরই মধ্যে ৫ জন কৃষক ৩টি ভ্যানে করে ৩৩ বস্তা সার নিয়ে চলে যেতে থাকলে উপস্থিত অন্য কৃষকরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। তারা স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ তুলে হট্টগোল শুরু করেন।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উপ-সহকারী কৃষি কর্মকর্তা আকতারুল ইসলাম খাবারের কথা বলে ঘটনাস্থল থেকে সরে যাওয়ার চেষ্টা করেন। পরে উপজেলা কৃষি কর্মকর্তা মো. শহীদুল ইসলাম তাকে সঙ্গে নিয়ে পুনরায় ঘটনাস্থলে ফিরলে বিক্ষুব্ধ জনতা আকতারুলের ওপর চড়াও হয়। একপর্যায়ে তাকে বেধড়ক মারধর করা হয়। এতে তার একটি দাঁত ভেঙে যায় এবং মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে দিনাজপুরে স্থানান্তর করেন।

বাজারের ব্যবসায়ী আনিসুর রহমান বলেন, “সকালে শান্তভাবেই সার দেওয়া হচ্ছিল। কিন্তু কয়েকজন একসঙ্গে অনেক বস্তা সার নিয়ে চলে যাচ্ছে দেখে লাইনে দাঁড়ানো কৃষকরা রেগে যান।”

জুয়েল নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, “সারের সংকট থাকায় কৃষকদের মধ্যে আগে থেকেই ক্ষোভ ছিল। ভিড় ও ঠেলাধাক্কার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তবে একজন সরকারি কর্মকর্তার দাঁত ভেঙে ফেলার ঘটনাটি দুঃখজনক।”

রাণীশংকৈল উপজেলা কৃষি কর্মকর্তা মো. শহীদুল ইসলাম বলেন, “সার বিতরণের সময় অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমাদের উপ-সহকারী কৃষি কর্মকর্তা আহত হয়েছেন। তার মাথায় জখম হয়েছে এবং দাঁত ভেঙে গেছে। তিনি বর্তমানে চিকিৎসাধীন। চিকিৎসা শেষে তার মতামত নিয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”

রাণীশংকৈল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। কৃষি অফিস থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।