


দিনাজপুরের বিরামপুর উপজেলার সাংবাদিক ওয়াহেদুল ইসলাম রিপন (৫৪) মালয়েশিয়া অবস্থানকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মঙ্গলবার (৬ জানুয়ারি) ইন্তেকাল করেছেন বলে তার পরিবার বুধবার নিশ্চিত করেছে।
সাংবাদিক রিপনের ছোট ভাই মইনুল ইসলাম বাবু জানান, তার ভাই রিপন গত ১১ বছর ধরে মালয়েশিয়ায় কর্মরত ছিলেন। বিদেশ যাওয়ার আগে তিনি বীমা কোম্পানী ও সাংবাদিকতা পেশার সাথে জড়িত ছিলেন। সাংবাদিক রিপন উপজেলার জগদীশপুর গ্রামের মৃত: বয়েন আলী মন্ডলের ছেলে। তার ১ স্ত্রী ও ৩ সন্তান বিরামপুর শহরের প্রফেসরপাড়াতে নিজ বাড়িতে বসবাস করেন। মালয়েশিয়া থেকে রিপনের মৃতদেহ দেশে আনার চেষ্টা চলছে বলে মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে।
মরহুম ওয়াহেদুল ইসলাম রিপন দৈনিক ইনকিলাব পত্রিকায় বিরামপুর প্রতিনিধি এবং বিরামপুর প্রেসক্লাব এর সাবেক সহ-সভাপতি ছিলেন। সাংবাদিক রিপনের মত্যুতে বিরামপুর প্রেসক্লাব (কলাবাগান) আহবায়ক শাহ্ আলম মন্ডল এবং বিরামপুর প্রেসক্লাব (কলেজ বাজার) সভাপতি মোরশেদ মানিকসহ উপজেলার সকল সাংবাদিকবৃন্দ গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জ্ঞাপন করেছেন।