Date: May 03, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / রাজনীতি / মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে তাসনিম জারার আইনি লড়াই - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে তাসনিম জারার আইনি লড়াই

January 05, 2026 05:47:38 PM   দেশেরপত্র ডেস্ক
মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে তাসনিম জারার আইনি লড়াই

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে ঢাকা-৯ আসনে মনোনয়নপত্র দাখিল করেন সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা। তবে যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। এ সিদ্ধান্তের বিরুদ্ধে তাসনিম জারা নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেন এবং বলেন, “আমরা আইনি প্রক্রিয়ার লড়াই চালিয়ে যাবো।”

 

সোমবার (৫ জানুয়ারি) বিকাল চারটায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তাসনিম জারা। তিনি জানান, মাত্র দেড় দিনের মধ্যে প্রায় ৫ হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে স্বাক্ষর দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন এবং স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেছেন। “এই সমর্থনের প্রতি সম্মান জানিয়ে আমরা আমাদের আইনি লড়াই চালিয়ে যাবো। তারা চায় আমি নির্বাচনে অংশগ্রহণ করতে পারি, তাই আমরা আপিল করেছি,” বলেন তাসনিম জারা।

 

তার আইনজীবী আরমান হোসন সাংবাদিকদের বলেন, “আইনগতভাবে এই আপিলে আমাদের জয়ের শতভাগ সম্ভাবনা রয়েছে। আমরা আত্মবিশ্বাসী যে আপিলে জয়ী হয়ে ডা. তাসনিম পুনরায় জনগণের প্রার্থী হিসেবে ঢাকা-৯ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। আমাদের এই বিষয়ে যথাযথ আশাবাদ রয়েছে।”

 

এর আগে, গত ৩ জানুয়ারি ঢাকা জেলার রিটার্নিং কর্মকর্তা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করেন। তাসনিম জারা তখনই জানান, “আমি আপিল করবো এবং আপিলের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু করেছি।”

 

সংশোধিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময়সীমা ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ নির্ধারিত রয়েছে ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। ভোট গ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।