Date: May 03, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / বিনোদন / মঞ্চে দাঁড়িয়ে নিজেকে মৃত বললেন দিলজিৎ, ভিডিও ঘিরে চাঞ্চল্য - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

মঞ্চে দাঁড়িয়ে নিজেকে মৃত বললেন দিলজিৎ, ভিডিও ঘিরে চাঞ্চল্য

May 03, 2026 05:54:27 PM   বিনোদন ডেস্ক
মঞ্চে দাঁড়িয়ে নিজেকে মৃত বললেন দিলজিৎ, ভিডিও ঘিরে চাঞ্চল্য

ক্যালিফোর্নিয়ার একটি কনসার্টে পারফর্ম করার সময় মঞ্চেই নিজেকে মৃত বলে মন্তব্য করেছেন ভারতের জনপ্রিয় পাঞ্জাবি গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ। এই বক্তব্যের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তার মানসিক অবস্থা নিয়ে ভক্তদের মধ্যে উদ্বেগ ও নানা আলোচনা শুরু হয়েছে।

ঘটনাটি ঘটে ৩০ এপ্রিল, ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত একটি কনসার্টে। সেখানে গান পরিবেশনের ফাঁকে দর্শকদের সঙ্গে কথা বলার সময় দিলজিৎ নিজের জীবন ও আধ্যাত্মিক অনুভূতি নিয়ে আবেগঘন মন্তব্য করেন। পরে সেই ভিডিও ক্লিপটি সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ভাইরাল হয়।

ভিডিওতে দিলজিৎ পাঞ্জাবিতে বলতে শোনা যায়, তিনি মনে করেন তিনি আগেই এই পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন। তার ভাষায়, তিনি মৃত্যুভয় থেকে মুক্ত এবং গত বছরের ডিসেম্বরেই নিজের জীবন নিয়ে এক ধরনের পরিবর্তনের চেষ্টা করেছিলেন। তবে তিনি আরও জানান, এখনো কিছু কাজ বাকি থাকায় তিনি এই জীবন চালিয়ে যাচ্ছেন।

তিনি আরও বলেন, তার মধ্যে কোনো ভয় বা কারও প্রতি বিদ্বেষ নেই। বরং তিনি ভালোবাসা, সম্মান ও ক্ষমাকে জীবনের মূল অংশ হিসেবে গ্রহণ করার চেষ্টা করছেন। মঞ্চ থেকেই তিনি দর্শকদের উদ্দেশে বলেন, এই অনুভূতিগুলো পাঞ্জাব ও তার পরিচয়ের সঙ্গে গভীরভাবে যুক্ত।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ এটিকে একজন শিল্পীর গভীর আধ্যাত্মিক উপলব্ধি হিসেবে দেখছেন, আবার কেউ মনে করছেন এটি মানসিক চাপ বা ব্যক্তিগত সংগ্রামের বহিঃপ্রকাশ হতে পারে।

সম্প্রতি আন্তর্জাতিক অঙ্গনে জিমি ফ্যালনের টক শোতে অংশ নিয়ে আলোচনায় ছিলেন দিলজিৎ। একই সময়ে পাঞ্জাবে বন্যা পরিস্থিতি চলাকালীন তাকে সরাসরি সক্রিয় ভূমিকা নিতে না দেখায় কিছু সমালোচনাও তৈরি হয়েছিল। অনেকে মনে করছেন, এসব ঘটনার চাপও তার বক্তব্যে প্রভাব ফেলতে পারে।

তবে এখন পর্যন্ত দিলজিৎ দোসাঞ্জ বা তার টিমের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি। ফলে ভিডিও ঘিরে আলোচনা ও কৌতূহল আরও বাড়ছে।