


আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রংপুরের কাউনিয়ায় ৫ নম্বর বালাপাড়া ইউনিয়নে রাজনৈতিক তৎপরতা শুরু হয়েছে। এই ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ার ঘোষণা দিয়েছেন বর্তমান ৬ নম্বর ওয়ার্ডের জনপ্রিয় মেম্বার এস. এম. আমিরুল ইসলাম পলাশ। তার এই ঘোষণা পুরো ইউনিয়নজুড়ে বেশ আলোচনার জন্ম দিয়েছে।
দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সাথে মিশে থাকার কারণে পলাশ মেম্বার এখন ইউনিয়নের প্রতিটি পাড়া-মহল্লায় জোরালো প্রচারণা চালাচ্ছেন। গুরুত্বপূর্ণ রাস্তার মোড়, বাজার ও বাসস্ট্যান্ডগুলোতে তার সমর্থনে ব্যানার ও ফেস্টুন দেখা যাচ্ছে। ভোটারদের আস্থা অর্জন করতে তিনি বাড়ি বাড়ি গিয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনা ও স্বপ্নের কথা তুলে ধরছেন।
পলাশ মেম্বার ২০১১ সাল থেকে টানা তিনবার ৬ নম্বর ওয়ার্ড থেকে মেম্বার নির্বাচিত হয়েছেন। গত ১৫ বছরে তিনি এলাকার রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান এবং ধর্মীয় উপাসনালয়ের উন্নয়নে বড় ভূমিকা রেখেছেন। বিশেষ করে প্রতিটি মসজিদ ও মন্দিরে পাকা টয়লেট নির্মাণ এবং বনগ্রামের পরেশ বাজারে একটি আধুনিক মসজিদ তৈরি করে তিনি স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছেন।
সাহাবাজ আমতলার মুদি দোকানি আলমগীর হোসেন বলেন, ৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় সোলার স্ট্রিট লাইট বসানোর কারণে আমরা এখন রাতেও নিরাপদে ব্যবসা করতে পারি। বনগ্রামের বাসিন্দা লিপু মিয়া জানান, পরেশ বাজারে আগে নামাজের কোনো ব্যবস্থা ছিল না, পলাশ মেম্বার সেখানে সুন্দর একটি মসজিদ করে দিয়েছেন। এই ধরণের কাজের জন্যই তারা তাকে এবার চেয়ারম্যান হিসেবে দেখতে চান।
উন্নয়ন কাজের পাশাপাশি গ্রাম আদালত ও স্থানীয় বিচার সালিশের মাধ্যমে বিরোধ মেটাতেও পলাশ মেম্বারের বিশেষ সুনাম রয়েছে। এলাকার যেকোনো সংকটে তার দ্রুত উপস্থিতি তাকে সবার কাছে গ্রহণযোগ্য করে তুলেছে।
নিজের লক্ষ্য সম্পর্কে এস. এম. আমিরুল ইসলাম পলাশ বলেন, বালাপাড়া ইউনিয়নের মানুষের ভালোবাসাই আমার মূল শক্তি। বিগত তিন মেয়াদে কাজ করার যে অভিজ্ঞতা আমার হয়েছে, তা কাজে লাগিয়ে আমি এই ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়নে রূপান্তর করতে চাই। আমি সবসময় যেভাবে মানুষের পাশে থাকার ধরণ বজায় রেখেছি, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
আসন্ন নির্বাচনে পলাশ মেম্বারের প্রার্থিতা বালাপাড়া ইউনিয়নে নতুন এক নির্বাচনী আমেজ তৈরি করেছে। এখন দেখার বিষয়, সাধারণ ভোটাররা তাকে কতটা সমর্থন দেন।