


বিজয় দিবস উপলক্ষে আয়োজিত দোয়া অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে নোয়াখালীর চাটখিল উপজেলায় বিএনপির এক নেতার মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত নেতার নাম মোরশেদ আলম শিব্বির (৪৮)। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় বদলকোট ইউনিয়নের ইসলামপুর বাজারে অনুষ্ঠিত দোয়া মাহফিলে এ ঘটনা ঘটে।
মোরশেদ আলম শিব্বির বদলকোট ইউনিয়নের মুরাইম গ্রামের বাসিন্দা এবং আবদুল হকের ছেলে। তিনি বদলকোট ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি প্রবাসী বিএনপি নেতা হিসেবে পরিচিত ছিলেন। কয়েক মাস আগে তিনি সৌদি আরব থেকে দেশে আসেন এবং ছুটি শেষে পুনরায় প্রবাসে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন বলে দলীয় সূত্র জানিয়েছে।
স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, দোয়া অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে চাটখিল উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত নোয়াখালী জেলা সদরের আরেকটি হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসকদের প্রাথমিক ধারণা অনুযায়ী, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। আকস্মিক এই মৃত্যুর খবরে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে। অনুষ্ঠানে উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।
দলীয় নেতারা বলেন, মোরশেদ আলম শিব্বির ছিলেন দলের একজন ত্যাগী, নিষ্ঠাবান ও সক্রিয় নেতা। দলীয় কর্মকাণ্ডে তার ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে এবং তার মৃত্যুতে বিএনপি একজন পরীক্ষিত কর্মীকে হারাল।
নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন এই মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।