Date: May 11, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / ফুলগাজীতে খালেদা জিয়ার বাড়িতে দোয়া মাহফিল - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ফুলগাজীতে খালেদা জিয়ার বাড়িতে দোয়া মাহফিল

January 09, 2026 06:05:37 PM   অনলাইন ডেস্ক
ফুলগাজীতে খালেদা জিয়ার বাড়িতে দোয়া মাহফিল

আনোয়ার হোসেন, ফেনী:
সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় ফেনীর ফুলগাজী উপজেলায় তাঁর পৈতৃক বাড়িতে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) এ ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেনী-১ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী রফিকুল আলম মজনু। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদীন (ভিপি) ও কেন্দ্রীয় কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক বেলাল আহমদ। এ সময় বেগম খালেদা জিয়ার চাচাতো ভাই জাহিদ হোসেন মজুমদারসহ পরিবারের সদস্য, স্বজন এবং দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে রফিকুল আলম মজনু বলেন, ‘আজ আমরা কোনো রাজনৈতিক বক্তব্য দেব না। আজ হৃদয় খুলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করব। আমরা তাঁকে কিছুই দিতে পারিনি, বরং তিনি এ দেশ ও মানুষের জন্য সবকিছু দিয়েছেন। নিজের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ স্বামী ও সন্তানকে তিনি এই দেশের জন্য বিসর্জন দিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘বেগম খালেদা জিয়া কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি। কারাবরণ ও নির্যাতন সহ্য করলেও ফ্যাসিস্ট ও অপশক্তির কাছে তিনি ছিলেন আপসহীন।’ অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।