Date: April 19, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / ফরিদপুর-২ আসনে শামা ওবায়েদসহ ৭ প্রার্থীর মনোনয়নপত্র জমা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ফরিদপুর-২ আসনে শামা ওবায়েদসহ ৭ প্রার্থীর মনোনয়নপত্র জমা

December 29, 2025 09:50:04 PM   অনলাইন ডেস্ক
ফরিদপুর-২ আসনে শামা ওবায়েদসহ ৭ প্রার্থীর মনোনয়নপত্র জমা

সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেছেন প্রার্থীরা। সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে সালথা, নগরকান্দা ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মোট ৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন।

ভৌগোলিক ও রাজনৈতিক কারণে গুরুত্বপূর্ণ এই আসনটিতে নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

সোমবার দুপুরে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মাদ সাইফুল ইসলামের কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু। একই কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন গণঅধিকার পরিষদের সালথা উপজেলা সভাপতি মো. ফারুক ফকির।

নগরকান্দায় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহরাজ শারবিনের নিকট মনোনয়নপত্র দাখিল করেছেন বাংলাদেশ খেলাফত মজলিশ মনোনীত প্রার্থী (রিকশা প্রতীক) শাহ মো. আকরাম আলী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী (হাতপাখা প্রতীক) মাওলানা শাহ মো. জামালউদ্দীন।

এছাড়া ফরিদপুর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন আরও তিন প্রার্থী। তারা হলেন— খেলাফত আন্দোলন মনোনীত প্রার্থী (বটগাছ প্রতীক) অ্যাডভোকেট জয়নুল আবেদীন বকুল মিয়া, বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী (ডাব প্রতীক) মো. নাজমুল হাসান এবং ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ মনোনীত প্রার্থী (আপেল প্রতীক) আকরামুজ্জামান।

মনোনয়নপত্র জমা দেওয়া শেষে প্রার্থীরা জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন এবং একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান।