


ফেনী প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে ফেনীতে অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ‘দেশের চাবি আপনার হাতে’ -এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ফেনীর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মুনিরা হক।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. রোবায়েত বিন করিম, ফেনী পৌর প্রশাসক মো. নবী নেওয়াজ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ কে এম ফয়সাল আহমদসহ বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়াও বিভিন্ন পেশাজীবী সংগঠন, সুশীল সমাজ, এনজিও, শিক্ষক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা সভায় অংশ নেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মুনিরা হক বলেন, ‘২০২৬ সালের নির্বাচন ও গণভোট দেশের ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থা ও গণতান্ত্রিক দিকনির্দেশনা নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা সংক্রান্ত চারটি প্রশ্নের একটিতে “হ্যাঁ” অথবা “না” ভোটের মাধ্যমে জনগণ সরাসরি মতামত দেবেন। যদি “হ্যাঁ” ভোট জয়ী হয়, তবে দেশে ক্ষমতার ভারসাম্যপূর্ণ, স্বচ্ছ ও কার্যকর রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠিত হবে, যেখানে বিরোধী দলের ভূমিকা হবে আরও অর্থবহ।’
তিনি আরও জানান, গণভোট ও নির্বাচন সম্পর্কে জনগণকে সচেতন করতে ইতোমধ্যে সারা দেশে ‘ভোটের গাড়ি’ প্রচারণা চালাচ্ছে। পাশাপাশি ভিডিও চিত্র ও লিফলেট বিতরণের মাধ্যমে ব্যাপক জনসচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলা ও ইউনিয়ন পর্যায়েও অবহিতকরণ কার্যক্রম পরিচালনা করা হবে।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একযোগে অনুষ্ঠিত হবে।