Date: April 24, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / প্রেমের টানে চীন থেকে বাংলাদেশে ছুটে এলেন যুবক - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

প্রেমের টানে চীন থেকে বাংলাদেশে ছুটে এলেন যুবক

April 24, 2026 12:05:53 PM   অনলাইন ডেস্ক
প্রেমের টানে চীন থেকে বাংলাদেশে ছুটে এলেন যুবক

অনলাইন পরিচয় থেকে শুরু হওয়া এক বছরের প্রেমের সম্পর্ক শেষ পর্যন্ত পরিণতি পেল বাস্তব জীবনে। প্রেমের টানে চীন থেকে বাংলাদেশে ছুটে এসে কুষ্টিয়ার ভেড়ামারার এক তরুণীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন এক চীনা যুবক। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।


প্রেমের টানে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে এসেছেন চীন-এর এক যুবক। দীর্ঘ এক বছরের অনলাইন সম্পর্কের পর তিনি বিয়ে করেছেন কুষ্টিয়ার ভেড়ামারার তরুণী তাসলিমা খাতুনকে।

স্থানীয় সূত্রে জানা যায়, কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের পশ্চিম বেহলা গ্রামের মধু মোল্লার মেয়ে তাসলিমা খাতুনের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় হয় চীনা যুবক চেন বাও মিংয়ের। সেই পরিচয় ধীরে ধীরে প্রেমের সম্পর্কে রূপ নেয়।

চেন বাও মিং, বয়স ২৩, পেশায় একজন রেস্টুরেন্ট ব্যবসায়ী। তিনি চীনের গাংসু প্রদেশের বাসিন্দা। দীর্ঘ সময় অনলাইনে যোগাযোগের পর দুই পরিবারের সম্মতিতে সম্পর্ককে বিয়েতে রূপ দেন তারা।

গত সোমবার (২০ এপ্রিল) উভয় পরিবারের উপস্থিতিতে কুষ্টিয়া আদালতে তাদের আইনি বিয়ে (কোর্ট ম্যারেজ) সম্পন্ন হয়। বর্তমানে নবদম্পতি তাসলিমার বাড়িতেই অবস্থান করছেন।

বিদেশি জামাইকে দেখতে এলাকায় ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে। বিয়ের খবর ছড়িয়ে পড়ার পর আশপাশের গ্রাম থেকেও শত শত মানুষ তাদের বাড়িতে ভিড় করছেন, যা স্থানীয়ভাবে কৌতূহলের সৃষ্টি করেছে।

নিজের অনুভূতি জানিয়ে তাসলিমা খাতুন বলেন, দুই পরিবারের সম্মতিতেই বিয়ে সম্পন্ন হয়েছে। উভয় পরিবারের মধ্যে নিয়মিত যোগাযোগ রয়েছে এবং তিনি এই নতুন জীবন নিয়ে আনন্দিত।

অন্যদিকে চেন বাও মিং জানান, ভালোবাসার টানে তিনি বাংলাদেশে এসেছেন। তিনি বলেন, তাসলিমার পরিবার অত্যন্ত আন্তরিক এবং বন্ধুসুলভ। দ্রুত প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করে স্ত্রীকে চীনে নিয়ে যাওয়ার পরিকল্পনাও রয়েছে তার।

অনলাইন পরিচয় থেকে শুরু হওয়া এই ভালোবাসা বাস্তব জীবনে বিয়ের মাধ্যমে নতুন অধ্যায়ের সূচনা করেছে, যা স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।