Date: April 17, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / বিনোদন / নায়িকা হতে পালিয়ে ঢাকায়, প্রথম ছবিতেই বাজিমাত! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নায়িকা হতে পালিয়ে ঢাকায়, প্রথম ছবিতেই বাজিমাত!

April 13, 2026 01:39:25 PM   বিনোদন ডেস্ক
নায়িকা হতে পালিয়ে ঢাকায়, প্রথম ছবিতেই বাজিমাত!

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী শিমলার চলচ্চিত্রে আসার গল্প যেন কোনো সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়। সালমান শাহ ও মৌসুমী অভিনীত ‘কেয়ামত থেকে কেয়ামত’ দেখে নায়িকা হওয়ার স্বপ্ন জন্মায় তার মনে, আর সেই স্বপ্ন থেকেই তিনি বাড়ি ছেড়ে ঢাকায় এসে চলচ্চিত্রে নাম লেখান। প্রথম ছবিতেই অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

অভিনেত্রী শিমলার চলচ্চিত্রে আসার শুরুটা হয়েছিল একেবারেই আবেগ ও অনুপ্রেরণা থেকে। তিনি বারবার দেখতেন সালমান শাহ ও মৌসুমী অভিনীত জনপ্রিয় সিনেমা কেয়ামত থেকে কেয়ামত। সিনেমাটি দেখে তিনি আয়নার সামনে দাঁড়িয়ে সংলাপ অনুকরণ করতেন এবং সিদ্ধান্ত নেন, তাকেও নায়িকা হতে হবে।

পরে কিশোরী বয়সে বড় ভাইকে সঙ্গে নিয়ে ঝিনাইদহ থেকে পালিয়ে ঢাকায় আসেন শিমলা। পরিচিতদের মাধ্যমে তিনি প্রয়াত পরিচালক শহীদুল ইসলাম খোকনের সঙ্গে যোগাযোগ করেন। তার সাহস ও আত্মবিশ্বাস দেখে পরিচালক তাকে সুযোগ দেন চলচ্চিত্রে কাজ করার।

পরবর্তীতে তিনি ‘ম্যাডাম ফুলি’ সিনেমায় অভিনয়ের সুযোগ পান, যা তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। ছবিটি মুক্তির পর তিনি দর্শকমহলে ব্যাপক পরিচিতি পান এবং প্রথম সিনেমার জন্যই জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

শিমলা জানান, সিনেমাটিই তার জীবন বদলে দেয়। তিনি বলেন, ছোটবেলায় ‘কেয়ামত থেকে কেয়ামত’ দেখে তিনি নায়িকা হওয়ার স্বপ্ন দেখতেন, মায়ের সামনে তা বললে অনেকেই তখন তাকে সিরিয়াসভাবে নেননি। তবে সেই স্বপ্নই তাকে সিনেমার জগতে নিয়ে আসে।

চলচ্চিত্রে নিজের অবস্থান গড়ে তোলার পর তিনি ‘পাগলা ঘণ্টা’, ‘ভেজা বেড়াল’সহ প্রায় ৩৫টির মতো ছবিতে অভিনয় করেন। তবে ২০১৫ সালের পর থেকে তিনি নিয়মিত কাজের বাইরে চলে যান। অনেক সময় পছন্দমতো চরিত্র না পাওয়াকেও তিনি কারণ হিসেবে উল্লেখ করেছেন।

নিজের ক্যারিয়ার নিয়ে শিমলা বলেন, দর্শকেরা তাকে এখনো ‘ম্যাডাম ফুলি’ নামেই বেশি চেনেন, যা তার জন্য বড় অর্জন। তিনি মনে করেন, একজন শিল্পীর জন্য একটি চরিত্র দিয়েই দর্শকের মনে বেঁচে থাকা সবচেয়ে বড় পাওয়া।

পরবর্তী সময়ে তিনি বলিউডে কাজের স্বপ্ন নিয়ে মুম্বাইয়ে সময় কাটান এবং একটি ছবিতে কাজের পরিকল্পনার কথাও জানান, তবে তা শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি। পরে তিনি আবার ঢালিউডে ফিরে এসে বিতর্কিত চলচ্চিত্র ‘নিষিদ্ধ প্রেমের গল্প’-এ অভিনয় করেন।

এছাড়া রাজনৈতিক অঙ্গনেও তাকে ঘিরে আলোচনা তৈরি হয় বিভিন্ন সময়ে ভিন্ন রাজনৈতিক দলের কর্মকাণ্ডে অংশগ্রহণের কারণে। তবে তিনি নিজেকে একজন শিল্পী হিসেবে পরিচয় দিয়ে বলেন, তিনি কোনো দলের স্থায়ী কর্মী নন, বরং দর্শকের জন্য কাজ করতে আগ্রহী।