


স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষায় সারাদেশে ৫ লাখ ৫৫ হাজার ৯৫৮ জন আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হবে। একইসঙ্গে বাহিনীর আধুনিকায়নে সকল সদস্যকে ‘এবিএমআইএস’ (AVMIS) সফটওয়্যারের ডাটাবেজে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানান তিনি।
সোমবার (১২ জানুয়ারি) সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে আনসার ও ভিডিপি একাডেমির ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে নবীন সৈনিকদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আগামী নির্বাচনে দেশের ৪২ হাজার ৭৬৬টি ভোটকেন্দ্রের প্রতিটিতে ১৩ জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। এর মধ্যে তিনজন অস্ত্রধারী, ছয়জন অস্ত্রবিহীন পুরুষ এবং চারজন অস্ত্রবিহীন নারী সদস্য থাকবেন। অধিকতর নিরাপত্তার স্বার্থে প্রতি কেন্দ্রে তিনজন অস্ত্রধারীর মধ্যে একজন সরাসরি প্রিজাইডিং অফিসারের সাথে থাকবেন। এছাড়া সারাদেশে ১ হাজার ১৯১টি আনসার ব্যাটালিয়ন স্ট্রাইকিং ফোর্স টিম মাঠে থাকবে।
নবীন আনসার সদস্যদের সততা ও নিরপেক্ষতার আহ্বান জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “দুর্নীতি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু। এটি শুধু অর্থনৈতিক ক্ষতি করে না, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ভেতর থেকে ক্ষয় করে এবং জনগণের বিশ্বাস ভেঙে দেয়। কোনো আনসার সদস্য যদি ব্যক্তিস্বার্থ বা রাজনৈতিক সুবিধার অংশ হয়ে কাজ করেন, তবে তিনি শুধু আইনই ভাঙেন না, রাষ্ট্রের ভিত্তিকেও দুর্বল করেন।”
তিনি আরও বলেন, “আনসার সদস্যরা কোনো রাজনৈতিক দলের বাহিনী নয়, তারা জনগণের ট্যাক্সের টাকায় বেতনভুক্ত সরকারি কর্মচারী। তাই কোনো রাজনৈতিক এজেন্ডা বা বেআইনি আদেশ পালন করা যাবে না। সাহস মানে শুধু বিপদের মুখে দাঁড়ানো নয়; সাহস মানে অন্যায় আদেশকে ‘না’ বলা, মজলুমের পক্ষে দাঁড়ানো এবং দায়িত্ব পালনে ন্যায়ানুগ থাকা।”
অনুষ্ঠানে আনসার ও ভিডিপি বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কুচকাওয়াজ শেষে আনসার সদস্যরা তাদের শারীরিক কসরত ও আপৎকালীন উদ্ধার তৎপরতা প্রদর্শন করেন।