


মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় যুক্তরাষ্ট্রপ্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির চেষ্টাকালে নিজেদের ছোড়া গুলিতে এক ডাকাত সদস্য নিহত হয়েছেন। সোমবার (২৭ এপ্রিল) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার দাসের বাজারের লঘাটি গ্রামে যুক্তরাষ্ট্রপ্রবাসী আব্দুল কুদ্দুসের বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল কুদ্দুসের বাড়িতে তার আত্মীয় গিয়াস উদ্দিন পরিবারসহ বসবাস করছিলেন। গভীর রাতে একদল ডাকাত রান্নাঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে। দরজা ভাঙার শব্দ পেয়ে পরিবারের সদস্যরা জেগে ওঠেন।
এ সময় গিয়াস উদ্দিন দরজার গ্রিল ধরে প্রতিরোধের চেষ্টা করেন এবং পরিবারের অন্যরা চিৎকার শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এক ডাকাত গিয়াস উদ্দিনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে সেই গুলি দরজার সামনে দাঁড়িয়ে থাকা আরেক ডাকাতের মাথায় লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পর নিহত সদস্যকে ফেলে রেখে অন্য ডাকাতরা পালিয়ে যায়। পরে মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
বড়লেখা থানা -র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান জানান, নিহতের পরিচয় শনাক্তে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করা হবে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।