


বাংলাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা এবার আন্তর্জাতিক অঙ্গনে আরও এক অনন্য সম্মানে ভূষিত হতে যাচ্ছেন। ভারতের মর্যাদাপূর্ণ ‘দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর ১৫তম আসরে তাকে দেওয়া হবে ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননা। দীর্ঘ সংগীতজীবনে ভারত ও বাংলাদেশের সাংস্কৃতিক সেতুবন্ধন তৈরিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদান করা হচ্ছে তাকে। আগামী ৪ থেকে ৮ মে নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য উৎসবে আনুষ্ঠানিকভাবে তার হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে।
ভারতের চলচ্চিত্র ও সম্প্রচার মন্ত্রণালয়ের অঙ্গ সংস্থা আয়োজিত এই উৎসবটি প্রতি বছরই আন্তর্জাতিক চলচ্চিত্র ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ মিলনমেলা হিসেবে বিবেচিত হয়। এবারের আসরকে ঘিরে ইতোমধ্যেই আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে।
রুনা লায়লা সামাজিক যোগাযোগমাধ্যমে এই সম্মাননা প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, মর্যাদাপূর্ণ ‘মিনার-ই-দিল্লি’ সম্মানে তাকে মনোনীত করায় তিনি আনন্দিত এবং উৎসবের অপেক্ষায় রয়েছেন।
উৎসবের প্রতিষ্ঠাতা ও সভাপতি রাম কিশোর পরচা পাঠানো এক আনুষ্ঠানিক চিঠিতে রুনা লায়লার দীর্ঘ সংগীতজীবনের ভূয়সী প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন, রুনা লায়লার সুরেলা কণ্ঠ বহু দশক ধরে ভারত ও বাংলাদেশের কোটি মানুষের হৃদয় ছুঁয়ে এসেছে এবং দুই দেশের সাংস্কৃতিক সম্পর্ককে আরও গভীর ও দৃঢ় করেছে।
চিঠিতে আরও বলা হয়, এই সম্মাননা রুনা লায়লা গ্রহণ করলে তা শুধু উৎসবের মর্যাদা বাড়াবে না, বরং ভারত ও বাংলাদেশের মধ্যকার সাংস্কৃতিক সৌহার্দ্য ও বন্ধুত্বকেও নতুন উচ্চতায় নিয়ে যাবে।
জানা গেছে, এবারের উৎসবটি অনুষ্ঠিত হবে নয়াদিল্লির ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টস এবং ড. আম্বেদকর আন্তর্জাতিক কেন্দ্র-এ। উৎসবে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে নারী ক্ষমতায়ন, সামাজিক ও শিশুবিষয়ক চলচ্চিত্র এবং নারী নির্মাতাদের উৎসাহ প্রদানকে।
উৎসবে উপমহাদেশের বহু খ্যাতিমান তারকা ও নির্মাতা অংশ নেবেন। অংশগ্রহণকারীদের তালিকায় রয়েছেন শর্মিলা ঠাকুর, ঋতুপর্ণা সেনগুপ্ত, রেভতী, শ্বেতা মেনন, ঊষা উত্থুপ, রাজপাল যাদব ও রঘুবীর যাদবসহ আরও অনেক প্রখ্যাত ব্যক্তিত্ব।