Date: April 25, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / দিনাজপুরে নীলসাগর এক্সপ্রেসের ধাক্কায় বৃদ্ধ নারীর মৃত্যু - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

দিনাজপুরে নীলসাগর এক্সপ্রেসের ধাক্কায় বৃদ্ধ নারীর মৃত্যু

April 25, 2026 06:57:16 PM   অনলাইন ডেস্ক
দিনাজপুরে নীলসাগর এক্সপ্রেসের ধাক্কায় বৃদ্ধ নারীর মৃত্যু

দিনাজপুরের বিরামপুরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় আঞ্জুয়ারা বেগম (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন। ঢাকা থেকে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। শনিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।

শনিবার (২৫ এপ্রিল) বিকেলে বিরামপুর স্টেশনের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত আঞ্জুয়ারা বেগম স্থানীয় পৌর শহরের কলেজিয়েট স্কুলপাড়া এলাকার বাসিন্দা এবং সামসুল ইসলামের স্ত্রী।

পরিবার ও জিআরপি পুলিশের তথ্য অনুযায়ী, বিকেলে আঞ্জুয়ারা বেগম বাড়ির কাছের রেললাইনসংলগ্ন একটি ধানের জমি দেখতে যান। কাজ শেষে বাড়ি ফেরার সময় হঠাৎ ঢাকা থেকে দিনাজপুরগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি এসে তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পরপরই হিলি জিআরপি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করে জিআরপি পুলিশের উপপরিদর্শক (এসআই) তাজরুল ইসলাম জানান, আপত্তি না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, রেললাইনের আশপাশে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা প্রয়োজন, যাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়ানো যায়।