Date: April 25, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / ট্রেন থেকে নিখোঁজের তিন দিন পর টাঙ্গাইলে পীরগঞ্জের ছাত্রের লাশ উদ্ধার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ট্রেন থেকে নিখোঁজের তিন দিন পর টাঙ্গাইলে পীরগঞ্জের ছাত্রের লাশ উদ্ধার

April 25, 2026 08:07:10 PM   উপজেলা প্রতিনিধি
ট্রেন থেকে নিখোঁজের তিন দিন পর টাঙ্গাইলে পীরগঞ্জের ছাত্রের লাশ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার এক ছাত্র ট্রেন থেকে নিখোঁজ হওয়ার তিন দিন পর টাঙ্গাইলে তার লাশ পাওয়া গেছে। নিহত নাহিদ হাসান (২৪) দিনাজপুরের একটি সরকারি কলেজে মাস্টার্সে পড়তেন। তিনি পীরগঞ্জ উপজেলার ভেলাতৈড় গ্রামের আজহার আলীর ছেলে।

নিহতের পরিবার জানিয়েছে, চাকরির খোঁজে ঈদের আট দিন পর নাহিদ ঢাকা গিয়েছিলেন। সেখানে তিনি পীরগঞ্জেরই লোহাগাড়া এলাকার সাকিব নামে এক যুবকের সাথে ছিলেন। গত ১৯ এপ্রিল রাতে সাকিবের সাথে ট্রেনে করে বাড়ি ফেরার পথে নাহিদ নিখোঁজ হন।

নাহিদের বাবা আজহার আলী, যিনি ঢাকায় আনসার সদস্য হিসেবে কাজ করেন, তিনি জানান, ১৯ এপ্রিল ছেলের সাথে তার শেষ কথা হয়েছিল। তখন নাহিদ জানিয়েছিলেন তিনি সাকিবের সাথে ট্রেনে করে রওনা দিয়েছেন। কিন্তু ট্রেনটি টাঙ্গাইল এলাকা পার হওয়ার পর থেকে নাহিদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এরপর থেকে পরিবারের সাথে তার আর কোনো যোগাযোগ ছিল না।

পরিবার অনেক খোঁজাখুঁজি করে এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তায় নাহিদের মোবাইলের শেষ অবস্থান সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শনাক্ত করে। পরে তারা ঢাকা কমলাপুর রেলওয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। গত ২২ এপ্রিল রাতে তারা জানতে পারেন, কমলাপুর রেলওয়ে পুলিশ একটি অজ্ঞাত লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে দাফন করেছে। পরে ছবি দেখে পরিবার নিশ্চিত হয় যে সেটি নাহিদের লাশ।

রেলওয়ে পুলিশের এএসআই জসিম জানান, গত ২০ এপ্রিল সকালে টাঙ্গাইলের বাসাইল উপজেলার ছয়শগ্রাম এলাকায় রেললাইনের পাশ থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। তখন তার পরিচয় জানা না যাওয়ায় দাফন সম্পন্ন করা হয়েছিল। উদ্ধারের সময় তার কাছে মোবাইল ফোন বা মানিব্যাগ কিছুই ছিল না।

পুলিশের প্রাথমিক ধারণা, নাহিদকে চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা করা হয়ে থাকতে পারে। বিশেষ করে তার সাথে থাকা বন্ধু সাকিবও বর্তমানে নিখোঁজ থাকায় রহস্য আরও ঘনীভূত হয়েছে। পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম জানান, বিষয়টি রেলওয়ে পুলিশ তদন্ত করছে। মেধাবী এই ছাত্রের অকাল মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।