


বগুড়া প্রতিনিধি:
বগুড়া সদরের কৈচড় এলাকায় দুই শিশু সন্তানকে রেখে স্বামীর টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে এক গৃহবধূ উধাও হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী স্বামী গোলাম মোস্তফা তার স্ত্রী ও সহযোগীদের বিরুদ্ধে আদালতে প্রতারণার মামলা দায়ের করেছেন। এদিকে, মায়ের জন্য আড়াই ও সাত বছর বয়সী দুই শিশুর কান্না ও অপেক্ষা এলাকাবাসীকে মর্মাহত করেছে।
মামলার বিবরণ অনুযায়ী, ভুক্তভোগী গোলাম মোস্তফা বগুড়া সদর থানাধীন কৈচড় পূর্বপাড়ার বাসিন্দা। তার অভিযোগ, স্ত্রী রানী খাতুন তাকে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে কয়েকজনের সঙ্গে যোগসাজশ করে। গত ১২ মে তিনি পলাশী (আদিতমারী, লালমনিরহাট) এলাকার মাহাফুল আলী, দুপচাঁচিয়ার তালোড়া ঠাকুরপাড়ার জনি, ফরহাদ সরদার এবং জোসনা বেগম নামে কয়েকজনের সহযোগিতায় স্বামী গোলাম মোস্তফার কাছ থেকে ২ লক্ষ ২০ হাজার টাকা হাতিয়ে নেন।
গোলাম মোস্তফা জানান, টাকা আত্মসাতের উদ্দেশ্যেই তারা এই প্রতারণার আশ্রয় নেয়। টাকা পাওয়ার পর থেকেই তার স্ত্রী বিভিন্ন সময়ে বাড়ির মালামাল ও স্বর্ণালঙ্কারসহ উধাও হয়ে যান।
ভুক্তভোগী স্বামী আরও অভিযোগ করেন, তার স্ত্রী পরকীয়া সম্পর্কে জড়িত এবং সে কারণেই এই প্রতারণার আশ্রয় নিয়েছেন। বর্তমানে তিনি অন্য কোথাও বিবাহবহির্ভূতভাবে বসবাস করছেন বলে তার ধারণা। এ ঘটনায় তিনি বগুড়া সদর আদালতে একটি মামলা (মামলা নং-১৪৬৮ সি/২০২৪) দায়ের করেছেন।
গোলাম মোস্তফা বলেন, "আমার আড়াই বছরের শিশুটি সারাক্ষণ তার মায়ের জন্য কান্না করছে আর পথের দিকে চেয়ে থাকে। আমি আমার অবুঝ সন্তানদের নিয়ে অর্থকষ্টে মানবেতর জীবনযাপন করছি।" তিনি তার পলাতক স্ত্রী ও তার সহযোগীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।