Date: May 17, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / খেলাধুলা / তাসকিন-মিরাজের তোপে প্রথম সেশনেই ৪ উইকেট, লাঞ্চে এগিয়ে বাংলাদেশ! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

তাসকিন-মিরাজের তোপে প্রথম সেশনেই ৪ উইকেট, লাঞ্চে এগিয়ে বাংলাদেশ!

May 17, 2026 12:45:10 PM   ক্রীড়া ডেস্ক
তাসকিন-মিরাজের তোপে প্রথম সেশনেই ৪ উইকেট, লাঞ্চে এগিয়ে বাংলাদেশ!

সিলেট টেস্টের দ্বিতীয় দিনে দুর্দান্ত বোলিংয়ে ম্যাচে নিয়ন্ত্রণ নিয়েছে বাংলাদেশ। মেঘলা আবহাওয়ার সুযোগ কাজে লাগিয়ে তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে প্রথম সেশনেই ৪ উইকেট হারায় পাকিস্তান। দিনের শুরু থেকেই চাপের মুখে থাকা সফরকারীরা লাঞ্চ বিরতিতে যায় ৪ উইকেটে ৯৬ রানে।

দিনের শুরুতে পাকিস্তানের সংগ্রহ ছিল বিনা উইকেটে ২১ রান। তবে নতুন বল হাতে শুরুতেই আঘাত হানেন তাসকিন আহমেদ। দ্বিতীয় ওভারের তৃতীয় বলেই তিনি ফিরিয়ে দেন আব্দুল্লাহ ফজলকে, যিনি উইকেটকিপার লিটন দাসের হাতে ক্যাচ দেন।

এরপর একই ওভারে আরেক ওপেনার আজান আওয়াইসকে ফেরান তাসকিন। শর্ট লেগে ক্যাচ দিয়ে ১৩ রান করে সাজঘরে ফেরেন তিনি, ফলে দ্রুতই চাপে পড়ে পাকিস্তান।

দুই ওপেনারের বিদায়ের পর শান মাসুদ ও বাবর আজম জুটি গড়ে ইনিংস সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে তাদের ৩৮ রানের প্রতিরোধ ভেঙে দেন মেহেদী হাসান মিরাজ।

শান মাসুদ ২১ রান করে শর্ট কাভারে বদলি ফিল্ডার নাঈম হাসানের হাতে ক্যাচ দিয়ে আউট হন।

এরপর মিরাজের শিকার হন সৌদ শাকিলও। তিনি সুইপ শট খেলতে গিয়ে ব্যাটের আগায় লেগে বল তুলে দেন লিটন দাসের হাতে। ৮ রান করে ফিরে যান এই ব্যাটার।

এক প্রান্তে কিছুটা ধৈর্যশীল ব্যাটিং করেন পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম। তিনি রান তুলতে সচেষ্ট থাকলেও নিয়মিত উইকেট পতনে চাপে পড়েন সফরকারীরা। লাঞ্চ বিরতিতে তিনি ৩৭ রানে অপরাজিত থাকেন।

লাঞ্চ পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ৯৬ রান। বাংলাদেশের প্রথম ইনিংসের ২৭৮ রানের জবাবে এখনো ১৮২ রানে পিছিয়ে রয়েছে সফরকারীরা।